ঢাকা, অক্টোবর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা অনুযায়ী অভিহিত মূল্য (ফেস ভ্যালু) পরিবর্তনের ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত আরো ৩টি কোম্পানি।
কোম্পানিগুলো হলোÑ নর্দান ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড ও প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেড।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে কোম্পানিগুলো জানিয়েছে, এসইসির নির্দেশনা অনুযায়ী কোম্পানিগুলো তাদের শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকার বদলে ১০ টাকা করবে। এ বিষয়ে অনুমোদনের জন্য অতিরিক্ত সাধারণ সভা (ইজিএম) ডেকেছে কোম্পানিগুলো।
এদের মধ্যে শুধুমাত্র প্রিমিয়ার লিজিং এর মার্কেট লট ৫০টির পরিবর্তে ২৫০টি হবে।
নর্দান ইন্সুরেন্সের ইজিএম ২৪ নভেম্বর সকাল ১১টায়, হোটেল পূবার্নি ইন্টারন্যাশনালে অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ ১২ অক্টোবর।
আনলিমা ইয়ার্নের ইজিএম ২ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে নয়া পল্টনের সিটি হার্ট সেন্টারে অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ ১৩ অক্টোবর।
প্রিমিয়ার লিজিং এর ইজিএম ১৭ নভেম্বর সকাল ১১টায় স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ ১৭ অক্টোবর।
১ ডিসেম্বরের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের অভিহিত মূল্য ১০ টাকা করার জন্য ১৫ সেপ্টেম্বর আদেশ জারি করে এসইসি।
এসইসির আদেশ অনুযায়ী, যেসব কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের অভিহিত মূল্য ১০ টাকা নয়, তাদের জন্য আগামী ১ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। আর ৪ ডিসেম্বর থেকে ১০ টাকা অভিহিত মূল্যে সব কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসইউ/১১৫৪ ঘ.
bdnews24