২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে পৃথক মাদক মামলায় ২ যুবকের যাবজ্জীবন

বড়াইগ্রাম থেকে হেরোইনসহ ২০১৭ সালের ৭ ডিসেম্বর শাহাবুল এবং ২০২২ সালের ২২ মে জাকিরকে গ্রেপ্তার করা হয় বলে জানান পিপি।

নাটোরে পৃথক মাদক মামলায় ২ যুবকের যাবজ্জীবন

নাটোরে রায় ঘোষণা শেষে দণ্ডিত দুই যুবককে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2023, 02:47 PM

Updated : 16 Aug 2023, 02:47 PM

নাটোরে হেরোইন সংরক্ষণ ও বহনের দায়ে পৃথক মামলায় দুই যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার নাটোরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দিন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম জানান।

দণ্ড পাওয়ারা হলেন- চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নিজামপুর গুয়াবাড়ি স্কুলপাড়ার একরামুল হকের ছেলে মো. শাহাবুল হক (৩০) এবং একই জেলার রানীনগর এলাকার মো. লোকমান আলীর ছেলে মো. জাকির হোসেন (৩৫)।

মামলার বরাতে পিপি সিরাজুল বলেন, “২০১৭ সালের ৭ ডিসেম্বর বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমড়ুল মহাসড়কের লাথুড়িয়ায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় পুলিশ।

“সে সময় যাত্রী শাহাবুলের জুতার ভেতর লুকিয়ে রাখা পলিথিনে মোড়ানো ৮০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। তিনি বিক্রির উদ্দেশ্যে হেরোইন বহন করছিলেন বলে পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।”

এ ঘটনায় শাহাবুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয় বলে জানান পিপি।

পিপি আরও বলেন, ২০২২ সালের ২২ মে গোপন খবর পেয়ে বড়াইগ্রামের বনপাড়া বাইপাস মোড়ে আমিনা হাসপাতালের সামনে অভিযান চালায় র‌্যাব-৫। সে সময় যাত্রীবাহী একটি বাস থেকে নামার সময় সন্দেহভাজন জাকিরকে আটক করা হয়।

পরে স্থানীয়দের উপস্থিতিতে জাকিরের ব্যাগ তল্লাশি করে তিনটি সাদা পলিথিন থেকে ৩১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় বলে তিনি জানান।

জব্দ করা হেরোইন জাকির বিক্রির জন্য নিজের কাছে সংরক্ষণ করার কথা পুলিশের কাছে স্বীকার করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

এ ঘটনায় জাকিরের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করে র‌্যাব।

পৃথক সাক্ষ্যগ্রহণ শেষে যাবজ্জীবনের পাশাপাশি শাহাবুলকে ২০ হাজার টাকা এবং জাকিরকে এক লাখ টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও ছয় মামের বিনাশ্রম করাবাসে থাকতে হবে বলে জানান পিপি।

আসামিদের সর্বোচ্চ রায়ে সন্তষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সিরাজুল।