নওগাঁয় বাসের ধাক্কায় চুরমার পিক-আপ, প্রাণ গেল ২ জনের
আহতদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।
নওগাঁর মহাদেবপুরে যাত্রীবাহী বাস ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন; এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।
বৃহস্পতিবার বিকালে উপজেলার হাট চকগৌরি এলাকার নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মহাদেবপুর থানার ওসি মোজাফফর হোসেন জানান।
নিহতদের মধ্যে খাজুর ইউনিয়নের জয়পুর গ্রামের সমসের আলী মণ্ডলের ছেলে পিকআপ চালক হারুন মণ্ডলের (২৬) পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করায় বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাতে ওসি মোজাফফর হোসেন বলেন, “চৌমাশিয়া মোড়ে যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিক-আপের মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে ঘটনাস্থলেই পিকআপ চালক হারুন মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও এক জনের মৃত্যু হয়।”
এতে আহত আরও ১৫ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনায় পিক-আপের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। এছাড়া বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ওসি।
নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাকিবুল হাসান জানান, আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
