হবিগঞ্জে কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৫০
আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হবিগঞ্জ শহরতলীর বহুলায় কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের কামড় দেয় কুকুরটি। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মুমিন উদ্দিন চৌধুরী জানান, সকাল থেকে কুকুরের কামড়ে আহত রোগীরা হাসপাতালে আসছেন। এখন পর্যন্ত ৫০ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে ২৫ জন নারী এবং বেশ কিছু শিশুও রয়েছে।
হাসপাতালের জরুরি বিভিাগ ও স্থানীয়দের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বুধবার সকালে হঠাৎ একটি বেওয়ারিশ কুকুর এলাকায় এদিক-ওদিক ছুটোছুটি শুরু করে। এ সময় সামনে যাকে পায়, তাকেই কামড়ে দেয়। বিশেষ করে বয়স্ক নারী ও শিশুরা বেশি আক্রমণের শিকার হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- শিশু নওরিন আক্তার, রিয়া আক্তার, নরুন্নাহার, শিফা আক্তার, রুমানা বেগম, স্কুল ছাত্রী তারিন আক্তার, লিজা আক্তার,বিউটি আক্তার, ইয়াসিন মিয়া, মাহদি, আলমগীর হোসেন, সুর্য, আয়ান, মাতাব আলী, মিম আক্তার, ওয়াহিদ মিয়া ও অনিল।
চিকিৎসক মুমিন উদ্দিন চৌধুরী বলছেন, কুকুরের কামড়ের ভ্যাকসিন ‘পর্যাপ্ত’ হাসপাতালে মজুদ রয়েছে।আহতদের চিকিৎসা চলছে।
