২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় ইউএনওর কার্যালয়ে আগুন, কারণ নিয়ে তদন্ত

আগুনে ইউএনওর কক্ষের আসবাবপত্র ও সরকারি কাগজপত্র পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 06:15 PM

Updated : 25 Nov 2026, 06:15 PM

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আগুন লেগেছে।

এতে ইউএনওর কক্ষসহ ভবনের কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি জানতে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

বুধবার ভোরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত দোতলা ভবনের দ্বিতীয় তলায় এ আগুন লাগে বলে জানান ইউএনও অলিদুজ্জামান।

উপজেলা প্রশাসন জানায়, স্থানীয় লোকজন প্রথমে আগুন দেখতে পেয়ে নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে মদন উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে ইউএনওর কক্ষের আসবাবপত্র ও সরকারি কাগজপত্র পুড়ে গেছে। কক্ষের দেয়ালের পলেস্তারা খসে পড়েছে। পাশের আরও দুটি কক্ষও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ভবনের সব ফটক বাইরে থেকে তালাবদ্ধ ছিল। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এটি নাশকতা কি না, তাও তদন্ত করা হচ্ছে।

এদিকে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি জানতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।

কমিটিতে পুলিশ, উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার প্রতিনিধিরা রয়েছেন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ইউএনও অলিদুজ্জামান বলেন, আগুনের খবর পেয়ে তিনি বাসা থেকে কার্যালয়ে যান। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর আগুনের প্রকৃত কারণ জানা যাবে।