২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সেনাসদস্য নিহত

‘চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি সেতুতে ধাক্কা খায়।’

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2022, 04:45 PM

Updated : 09 Aug 2022, 04:45 PM

সিরাজগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ সেনাসদস্য নিহত হয়েছেন; আহত হয়েছেন তার চাচাত ভাই।

নিহত রিয়ান বাবু (২১) যশোর সেনানিবাসে কর্মরত ছিলেন। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পলাশপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে তিনি।

আহত আবুবকরকে (২০) বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জ থানার এসআই রেজাউল ইসলাম শাহ্ বলেন, রিয়ান বাড়ি এসে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে করে বের হয়েছিলেন। সঙ্গে ছিলেন তার চাচাত ভাই আবুবকর।

“সদর উপজেলার পিপুলবাড়িয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে শ্যামপুর সেতুতে ধাক্কা লাগে। এতে তারা আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে পৌঁছালেও সেখানে রিয়ান মারা যান।”

আহত আবুবকরকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এসআই রেজাউল।