এমটিএফএ প্রতারণা: ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাজশাহীতে গ্রেপ্তার ২
গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রতারণা, ভয়ভীতি ও চাঁদাবাজির অভিযোগে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে অন্তত ১০টি মামলা আছে।
অনলাইনে অ্যাপের মাধ্যমে বিনিয়োগের নামে প্রতারণা করে প্রায় ৩০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজশাহীতে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বোয়ালিয়া থানার এসআই গোলাম মোস্তফা জানান, বৃহস্পতিবার বিকালে শহরের তেরখাদিয়া গ্রিন টাওয়ার থেকে একজনকে ও সন্ধ্যায় নিউ মার্কেটের এশিয়ান স্কাই থেকে আরেকজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন: জেলার গোমস্তাপুর উপজেলার কদমতলি গ্রামের নুরুন্নবী পলাশ (৩৩) এবং তার সহযোগী নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার খোদ্দকাছুটিয়া গ্রামের মিনারুল হক মিঠু (৩৪)।
এসআই গোলাম মোস্তফা জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রতারণা, ভয়ভীতি ও চাঁদাবাজির অভিযোগে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে অন্তত ১০টি মামলা আছে।
এর মধ্যে গত ১৩ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে চাঁপাইনবাবগঞ্জের আনোয়ার হোসেন নয়ন নামে একজন বাদী হয়ে বোয়ালিয়া থানায় আরও একটি মামলা করেন বলে গোলাম মোস্তফা জানান।
মামলায় ওই দুজন ছাড়াও আনারুল ইসলাম জয় নামে তাদের আরেক সহযোগীকে আসামি করা হয়েছে।
জয় নগরীর লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় পুলিশ।
গত ১৩ তারিখের মামলার তদন্ত কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা আরও জানান, আসামিদের বিরুদ্ধে অনলাইন মুদ্রা বা বিটকয়েন ব্যবসা ও এমটিএফএ অ্যাপে বিনিয়োগের নামে রাজশাহী ও চাপাইনবাবগঞ্জের বেশ কিছু লোকের কাছ থেকে প্রায় ৩০০ কোটি টাকা হাত নেওয়ার অভিযোগ আছে।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]
