রাখাইনে গণহত্যার বিচার চায় মাতৃভূমিতে ফিরতে চাওয়া রোহিঙ্গারা
কক্সবাজারের শরণার্থী ক্যাম্পে মিছিল-সমাবেশ ও মানববন্ধন করেছেন রোহিঙ্গারা
রাখাইনে গণহত্যার সুষ্ঠু বিচার ও নাগরিকত্ব ফিরিয়ে দিয়ে মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের দাবিতে কক্সবাজারের শরণার্থী ক্যাম্পগুলোতে মিছিল-সমাবেশ করেছেন রোহিঙ্গারা।
পাঁচ বছর আগে মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, নির্যাতন-নিপীড়ন ও বাস্তুচ্যুত করার ঘটনা স্মরণে ক্যাম্পগুলোতে এই কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলা এলাকার ১৩ নম্বর ক্যাম্পের খেলার মাঠে গিয়ে দেখা যায়, সমাবেশে যোগ দিতে রোহিঙ্গারা দলে দলে সেখানে জমায়েত হচ্ছেন। ক্যাম্পের বিভিন্ন ব্লক থেকে দাবি-দাওয়া সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে রোহিঙ্গারা সমাবেশে যোগ দেন। 'গণহত্যার শিকার রোহিঙ্গা জনগোষ্ঠী' ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশে রোহিঙ্গা নেতা, ক্যাম্প মাঝি ও মসজিদের খতিব বক্তব্য দেন।
তানজিমারখোলা ক্যাম্পের সমাবেশে রোহিঙ্গা নেতা মোহাম্মদ মোজাম্মেল নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রী ও জনগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “গণহত্যা, চরম নির্যাতন-নিপীড়নের সময় বাংলাদেশ আমাদের আশ্রয় দিয়েছে। তার জন্য আমরা কৃতজ্ঞ।”
১৩ নম্বর ক্যাম্পের হেডমাঝি মোহাম্মদ আলী (৫৭) বলেন, “আমরা বাংলাদেশে ভাল আছি, শান্তিতে আছি। তারপরও নিজ জন্মভূমি ও নিজ ভিটেমাটিতে ফিরে যেতে সবসময় মন কাঁদে, ব্যাকুল থাকে মন।”
আকিয়াবের মংডুর নাককুরা এলাকায় ২০ বছর নির্বাচিত চেয়ারম্যান ছিলেন উল্লেখ করে মোহাম্মদ আলী বলেন, “কোনো লম্বা দাবি নাই আমাদের। আমাদের দুইটি দাবি- ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনী দ্বারা সংগঠিত গণহত্যার বিচার এবং আশ্রিত রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদান করে সসম্মানে মিয়ানমারে প্রত্যাবাসন।”
সমাবেশে ১৩ নম্বর ক্যাম্পের প্রধান ইমাম নুরুল ইসলাম, হেড মাঝি মোহাম্মদ ইব্রাহিম বক্তব্য দেন। সমাবেশ শেষ হওয়ার পর রোহিঙ্গারা ক্যাম্পে মিছিল বের করেন।
উখিয়ার শফিউল্লাহ কাটা এলাকার ১৬ নম্বর ক্যাম্পের কমিউনিটি সেন্টারের সামনে রোহিঙ্গা নেতা মোহাম্মদ ফয়সাল বলেন, “আমরা একত্রিত হয়েছি মূলত, মিয়ানমারে আমাদের জীবনে ঘটে যাওয়া সেই অবর্ণনীয় দুঃখজনক, হৃদয়বিদারক, দুঃসহ ঘটনাকে স্মরণ করার জন্য।”
সকাল সাড়ে ১০টায় ১৩ নম্বর ক্যাম্পে অবস্থিত এইচএমবিডি ফাউন্ডেশন পরিচালিত চিকিৎসা সেবা কেন্দ্রের আঙ্গিনায় কথা হয় পাঁচ সন্তানের জননী বিধবা হোসনে আরার সঙ্গে।
তিনি বলেন, “আমি সন্তানদের নিয়ে আমার দেশে ফিরে যেতে চাই। বাংলাদেশের সরকারের কাছে আমার আবেদন, আমাদেরকে এমনভাবে যেন পাঠানো হয় যাতে আর এদেশে পালিয়ে এসে আশ্রয় নিতে না হয়।”
উখিয়া উপজেলার ১১টি ক্যাম্পের আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসাইন বলেন, ১০টি ক্যাম্পে দাবি-দাওয়া নিয়ে রোহিঙ্গারা শান্তিপূর্ণ সমাবেশ করেছে। সমাবেশ চলাকালে যাতে অপ্রীতিকর কিছু না ঘটে সেজন্য পুলিশ মোতায়েন ছিল।
অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন বলেন, ক্যাম্পে সীমিত পরিসরে শান্তিপূর্ণভাবে সমাবেশ ও আলোচনা করার জন্য রোহিঙ্গাদের অনুমতি দেওয়া হয়েছিল। তারা উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের ২০টি স্থানে সমাবেশ ও মানববন্ধন করেছে।
