২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় চালককে ‘হত্যা করে ইজিবাইক ছিনতাই’

ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2022, 08:18 PM

Updated : 31 Aug 2022, 08:18 PM

নওগাঁ সদর উপজেলায় এক ইজিবাইকচালক খুন হয়েছেন; খোয়া গেছে তার ইজিবাইক।

নিহত আনোয়ার হোসেন (৩৫) নওগাঁ পৌরসভার উত্তরপাড়া মহল্লার শফিউদ্দিন মৃধার ছেলে।

সদর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, বুধবার বেলা ১১টার দিকে চকবালুভরা এলাকায় ফসলের মাঠ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের স্ত্রী নাসিমা খাতুন বিকেলে থানায় মামলা করেছেন।

নাসিমা বলেন, মঙ্গলবার বিকেল ৫টার দিকে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন আনোয়ার। এরপর অনেক খোজাঁখুজি করেও তাকে পাওয়া যায়নি। সকালে হাঁপানিয়ার চকবালুভরা এলাকায় তার ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে তিনি গিয়ে শনাক্ত করেন।

হত্যাকাণ্ডের দ্রুত ন্যায় বিচার দাবি করেন নাসিমা।

ওসি জুয়েল বলেন, “আনোয়ারের ঘাড়ে ও পিঠে তিনটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার ইজিবাইকটি পাওয়া যায়নি। তাকে হত্যা করে তার ইজিবাইক ছিনতাই করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।”

পুলিশ খুনি শনাক্ত করার চেষ্টা করছে বলে তিনি জানান।