বিএনপির আন্দোলন সমর্থন করবে না মানুষ, সিরাজগঞ্জে নাছিম
“এই বিএনপি বছরের পর বছর আন্দোলনের নামে শুধু তারিখ ও সময় ঘোষণা করেছে।”
বিএনপির প্রতি সাধারণ মানুষের কোনো আস্থা নেই, তাই তাদের কোনো আন্দোলন এই দেশের মানুষ সমর্থন করবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
রোববার দুপুরে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উপলক্ষে শহরের শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে আয়োজিত সভায় একথা বলেন তিনি।
বাহাউদ্দিন নাছিম বলেন, “এই বিএনপি বছরের পর বছর আন্দোলনের নামে শুধু তারিখ ও সময় ঘোষণা করেছে। তারাই এখন এক দফার আন্দোলনের কথা বলছে। আমরা বিশ্বাস করি, সন্ত্রাসীদের লালন-পালনকারী বিএনপি নামক দলটির প্রতি মানুষের আস্থা নেই, তাদের আন্দোলনেও জনসমর্থন নেই।”
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনাও করেন তিনি।
আওয়ামী লীগ নেতা বলেন, “মির্জা ফখরুল আপনি ভুলে গেছেন, যারা কালো আইন জারি করে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার বিচারের পথ বন্ধ করে রেখেছিল; আপনারা তাদের পুনর্বাসন করেছেন। আপনি জামায়াত নেতার অধীনে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আপনি নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করতে পারেন, কিন্তু বাংলার মানুষ আপনাকে কখনো মুক্তিযোদ্ধা মনে করে না।”
সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।
জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা টিটোর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহ জালাল মুকুল, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, সদস্য ইমেলদা হোসেন দীপা ও সিরাজগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম।
দীর্ঘ ১০ বছর পর জেলা স্বেচ্ছাসেবক লীগের এ সম্মেলন অনুষ্ঠিত হলো। এবার সভাপতি পদে সাতজন এবং সাধারণ সম্পাদক পদে ছয়জন প্রার্থী হয়েছেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু প্রার্থীদের সর্ম্পকে যাচাইবাছাই শেষে তিনদিন পর সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করবেন বলে জানান।
