বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
ওই যুবক বৃদ্ধার ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় ধর্ষণ করে; বাধা দেওয়ার চেষ্টা করলে ঘুষি দিয়ে তার দাঁত ভেঙে ফেলে।
টাঙ্গাইলের কালিহাতীতে ৯০ বছর বয়সি এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে এক যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার দশকিয়া উত্তরপাড়া পালপাড়া গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে বৃদ্ধার স্বজনের করা মামলায় অভিযোগ করা হয়।
এ সময় ওই বৃদ্ধাকে মারধর করে আহত করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার সকালে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, এ ঘটনায় মঙ্গলবার রাতে কালিহাতী থানায় বৃদ্ধার ছেলে বাদী হয়ে কদিম হামজানী গ্রামের পলাশকে (২৬) আসামি করে মামলা করেছেন। ওই রাতেই এলেঙ্গা থেকে পলাশকে পুলিশ আটক করেছে।
বৃদ্ধার এক পুত্রবধূ জানান, ঘটনার দিন নিজের ঘরে ঘুমিয়েছিলেন তার শাশুড়ি। বাড়ির একটি ঘরে একাই ঘুমান তিনি। তার তিন ছেলে আলাদা আলাদা ঘরে স্ত্রী-সন্তান নিয়ে থাকেন।
তিনি বলেন, গভীর রাতে শাশুড়ির গোঙানির শব্দ পেয়ে পাশের ঘর থেকে তিনি গিয়ে বাইরে থেকে ঘরের দরজা আটকানো পান। তখন তিনি চোর এসেছে বলে চিৎকার করেন। পরে তারা ঘরে ঢুকে তাকে খাটের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
“পলাশ আমার শাশুড়ির ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাকে ধর্ষণ করেছে। এতে তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে কিল ঘুষি দিয়ে তার একটি দাঁত ভেঙে ফেলে পলাশ।”
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের কনসালটেন্ট ডা. সালমা জাহান জানান, বৃদ্ধার আলামত সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট না আশা পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। বর্তমানে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উপজেলার দশকিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারমান এম এ মালেক ভূঁইয়া বলেন, “ঘটনাটি খুবই দুঃখজনক ও নিন্দনীয়। একজন মাদকাসক্ত যুবক ৯০ বছরের বিধবাকে ধর্ষণ করে চরম অন্যায় করেছে।”
কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, এ ঘটনায় মঙ্গলবার রাতে ওই বৃদ্ধার ছেলে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার পর জেলা ও কালিহাতী থানা পুলিশের টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পরে বুধবার দুপুরে টাঙ্গাইল আদালতে নেওয়া হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয় বলে তিনি জানান।
