বাগেরহাটে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
তারা সাঁতার জানত না।
বাগেরহাটের শরণখোলা উপজেলায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে গ্রামের পুকুরে তারা ডুবে যায় বলে শরণখোলা থানার ওসি মো. ইকরাম হোসেন জানান।
দুই শিশু হল উপজেলার নলবুনিয়া গ্রামের রহিম তালুকদারের মেয়ে রুবি আক্তার (৭) ও রাফিয়া আক্তার (৪)।
রহিম তালুকদার বলেন, তার দুই মেয়ে বাড়ির উঠানে খেলাধুলা করছিল। পরে তাদের মা মেয়েদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। শেষে প্রতিবেশীর পুকুরে তাদের ভাসতে দেখেন। মায়ের চিৎকার শুনে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই শিশুদের মৃত্যু হয় বলে চিকিৎসক নিয়াজ মাহমুদ ফয়সাল জানান।
ওসি ইকরাম বলেন, এই শিশুরা সাঁতার জানত না। পরিবারের লোকজনের অসাবধানতার কারণে তাদের মৃত্যু হয়েছে। গ্রামের অধিকাংশ বাড়িতে পুকুর-জলাশয় রয়েছে। শিশুদের দিকে পরিবারের বাড়তি নজর দেওয়া দরকার।
