ঈদযাত্রা: গাজীপুরে ঘরমুখো মানুষের ভিড়, বাহনের দীর্ঘ সারি
মহাসড়কের কোথাও কোথাও থেমে থেমে যানজট লক্ষ্য করা গেছে।
ঈদুল ফিতরে নানা শ্রেণি-পেশার ঘরমুখো যাত্রীদের চাপ বাড়ায় শুক্রবার সকালেও গাজীপুরে মহাসড়কে যান-বাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।
ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান-বাহনগুলো ধীরগতিতে এগোচ্ছে । কোথাও কোথাও থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে, পুলিশ জানিয়েছে, মহাসড়কে যানজট নিরসনে কাজ করছেন তারা।
গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. আলমগীর হোসেন জানান, কয়েক লাখ শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একযোগে বাড়ি ফেরায় বৃহস্পতিবার রাতভর মহাসড়কে বাড়তি চাপ ছিল। যানবাহন কয়েকগুণ বেড়ে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি চলে ধীরগতিতে। কিন্তু ভোর থেকে পরিস্থিতির উন্নতি ঘটলেও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উত্তরে বাইপাস মোড় থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত এবং চান্দনা-চৌরাস্তা থেকে উত্তরে তেলিপাড়া, সালনা পর্যন্ত সকালেও যান-বাহনের শেষ মুহূর্তের চাপ দেখা দিয়েছে, রয়েছে গাড়ির ধীরগতি।
মূলত গাজীপুরের কেন্দ্রস্থল চান্দনা-চৌরাস্তায় এ সমস্যা সৃষ্টি হয়েছে।
গাজীপুর মহানগরের রাজেন্দ্রপুর চৌরাস্তার বাসিন্দা সাইদুর রহমান জানান, শুক্রবার সকাল পৌণে ১০টার দিকে গাজীপুর শহরের দিকে রওনা দেন তিনি। পোড়াবাড়ি-মাস্টারবাড়ি এলাকায় গিয়ে যানজটের কবলে পড়েন। পরে বিকল্প পথে শিমুলতলীর চতর বাজারের শাখা সড়ক দিয়ে গাজীপুর শহরে যান সাইদুর রহমান।
সালনা হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. আতিক জানান, যাত্রীদের ভিড় বাড়ায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ও চন্দ্রা ত্রিমোড় এলাকায়ও গাড়ির দীর্ঘ সারি ছিল। মাঝে-মধ্যে ওই লাইন আশুলিয়া বাইপাইল পর্যন্ত ঠেকে যায়। তবে দুপুরের মধ্যে এ অবস্থার উন্নতি হবে বলে মনে করছেন তিনি।
চন্দ্রায় শুক্রবার সকালে বগুড়ার গাড়ির জন্য অপেক্ষারত যাত্রী আব্দুস সালাম জানান, যাত্রীর তুলনায় গাড়ি কম থাকায় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। প্রায় এক ঘণ্টা ধরে গাড়ির জন্য অপেক্ষা করছেন তিনি। কিন্তু গাড়িতে উঠতে পারছেন না। তাই ট্রাকেই রওনা দেন সালাম।
তার মতো অনেকে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহনে চড়ে প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছেন।
সড়ক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও যানজট নিরসনে কাজ করছে মেট্রোপলিটন, হাইওয়ে ও জেলা পুলিশ।
এদিকে, জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. রেজাউল ইসলাম জানান, বুধবার রাত থেকেই ঘরমুখো মানুষের চাপ বাড়ছিল স্টেশনে। শুক্রবার সকালেও যাত্রীরা ট্রেনের জন্য অপেক্ষা করছিল। যাত্রীদের চাপে শেষ মুহূর্তের প্রতিটা ট্রেনে নির্দিষ্ট সময় থেকে আধা থেকে পৌণে এক ঘণ্টা করে বিলম্ব হচ্ছে।
বঙ্গবন্ধু সেতু মহাসড়কে থেমে থেমে যানজট
এদিকে, শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পাঁচ কিলোমিটার পর্যন্ত থেমে থেমে যানজট ছিল।
ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপার থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মীরহামজানি পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।
সেতুর উপর গাড়ি বিকল, অতিরিক্ত যানবাহনের চাপের কারণে এ অবস্থার সৃষ্টি হয় বলে এলেঙ্গা হাইওয়ে থানার ওসি জাহিদ হাসান জানান।
তিনি জানান, বঙ্গবন্ধু সেতুর উপর এবং সেতুর ভায়াডাক্ট অংশে পরপর কয়েকটা পরিবহন বিকল হয়। পরে সেগুলো অপসরণ করে সেতু কর্তৃপক্ষ। এ ছাড়া রাতে বঙ্গবন্ধু সেতুপশ্চিম টোলপ্লাজা দুবার কিছু সময়েল জন্য বন্ধ ছিল।
