২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমনা মেইল ট্রেন ফের চালুর দাবিতে চিলমারীতে মানববন্ধন

কোভিডের পর রমনা মেইলের পরিবর্তে চিলমারী কমিউটার নামে একটি নতুন ট্রেন চালু করা হয়।

রমনা মেইল ট্রেন ফের চালুর দাবিতে চিলমারীতে মানববন্ধন

সোমবার রমনা মেইল ট্রেনটি পুনরায় চালুর দাবিতে চিলমারীতে মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2023, 09:38 PM

Updated : 09 Oct 2023, 09:38 PM

কুড়িগ্রামের চিলমারীতে কোভিডের সময় বন্ধ হয়ে যাওয়া রমনা মেইল ট্রেনটি পুনরায় চালু এবং রেলপথ মেরামতের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

সোমবার সকালে ট্রেনটি চালুর দাবিতে চিলমারী, রৌমারী, রাজিবপুরবাসীর উদ্যোগে রমনা রেলস্টেশনে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, তিন উপজেলার মানুষের রেলপথে যাতায়াতের সহজ ও সুবিধাজনক মাধ্যম ছিল রমনা মেইল ট্রেনটি। এটি চিলমারী থেকে পার্বতীপুর চলাচল করত। দিনে দুবার চলাচল করা এই ট্রেনটিতে বিশেষ করে ছাত্র-ছাত্রী এবং চাকরিজীবীরা যাতায়াত করতেন।

সময়ের কারণে ট্রেনটি সবার কাছে খুব জনপ্রিয় ছিল। কিন্তু কোভিডের সময় সেটি বন্ধ করে দেওয়া হয়। কোভিডের পর রমনা মেইলের পরিবর্তে চিলমারী কমিউটার নামে একটি নতুন ট্রেন চালু করা হয়।

সেটি সকাল ৮টায় চিলমারী থেকে রংপুর যাওয়ার সময় কুড়িগ্রামের তিন উপজেলাবাসীর খুব কাজে লাগে। সেটি চিলমারীতে ফিরতে ফিরতে মধ্যরাত হয়ে যায়। ফলে সময়ের কারণে তিন উপজেলার মানুষ রাতের বেলায় এটি আর তেমন ব্যবহার করেন না। ট্রেনটি প্রায় যাত্রীশূন্য অবস্থায় থাকে। 

বক্তারা বলেন, রমনা মেইল ট্রেনটি বন্ধ থাকায় তিন উপজেলাবাসীর খুব সমস্যা হচ্ছে। তাদের সময় ও টাকার অপচয় হচ্ছে। ফলে এই ট্রেনটি পুনরায় চালু করা হোক।

মানববন্ধনে অংশ নেওয়া মানুষজন এ সময় চিলমারী কমিউটার ট্রেনটি আটকে রাখে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ট্রেনটি ছেড়ে দেওয়া হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ নেতা ইমরান সরকার, ব্যবসায়ী মমিনুল ইসলাম, মতিয়ার রহমান।