চার জেলার সড়কে চারজনের মৃত্যু
বৃহস্পতিবার দিনের বিভিন্ন সময়ে এসব ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছে।
নাটোর, মানিকগঞ্জ, হবিগঞ্জ ও টঙ্গীতে আলাদা দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দিনের বিভিন্ন সময়ে এসব ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছে।
দুপুর সাড়ে ১২টার দিকে নাটোর সদর উপজেলার গাজিপুর বিল এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নৌবাহিনীর সদস্য রুবেল ইসলামের (৩০) মৃত্যু হয়।
ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি এ এন এম মাসুদ জানান, নিহত রুবেল ইসলাম রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার বালিয়া গ্রামের মো. নাজিমুদ্দিনের ছেলে। তিনি বাংলাদেশ নৌবাহিনীর খুলনা নৌ ঘাঁটিতে মিউজিশিয়ান পদে কর্মরত ছিলেন।
“মোটরসাইকেল নিয়ে বনপাড়া থেকে নাটোরের দিকে যাচ্ছিলেন তিনি। পথে ঢাকাগামী একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রুবেল ঘটনাস্থলেই মারা যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় একটি মামলাও হয়েছে।”
পুলিশ ট্রাকটি জব্দ করলেও পালিয়ে গেছে এর চালক ও সহকারী।
দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার মুলজাল এলাকায় যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। এসময় আহত হন ১০ যাত্রী।
নিহত ট্রাক চালক নিজামউদ্দিন ভোলা জেলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর এলাকার সেকেন্দার আলীর ছেলে।
সদর থানার ওসি আব্দুর রউফ সরকার জানান, পাটুরিয়া থেকে ঢাকাগামী নীলাচল পরিবহনের যাত্রীবাহী বাসটি মুলজান এলাকায় পৌঁছলে উল্টোপথে আসা পণ্যবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হন।
দুর্ঘটনার পর বাস চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ সড়কের ইমাম বাড়ি পুরানগাও এলাকায় আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, অজ্ঞাত কোনো দ্রুতগামী যান ওই বৃদ্ধকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে ছিলেন। এক পর্যায়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ জানিয়েছেন বলেন, নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
এর আগে গাজীপুরের টঙ্গীতে বাসে উঠতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে রাজধানীর তিতুমীর কলেজের এক ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর বনমালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুহাদ মাহমুদ ফাহিম (২৩) সরকারি তিতুমীর কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং শরীয়তপুরের পালং থানার সোনামুখী গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
তিনি টঙ্গীর দত্তপাড়া শান্তিবাগ এলাকায় ভাড়াবাড়িতে পরিবারের সঙ্গে বাস করতেন।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. আশরাফুল ইসলাম জানান, সকালে কলেজে যাওয়ার জন্য ফাহিম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বনমালা বাসস্ট্যান্ডে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী জলসিঁড়ি পরিবহনের একটি বাসে উঠতে যান। তবে হাত ফসকে গেলে তিনি নিচে পড়ে যান এবং ওই বাসটির চাপায় গুরুতর আহত হন।
তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর বাসচালক কৌশলে পালিয়ে গেলেও তার সহকারী দ্বীন ইসলামকে (২০) আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। বাসটিও জব্দ করা হয়েছে বলে জানান ওসি।
