২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ইয়াবার বড় চালান জব্দ

এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে বিজিবি জানায়।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2023, 06:30 PM

Updated : 16 Jun 2023, 06:30 PM

কক্সবাজারে টেকনাফের নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে ইয়াবার একটি বড় চালান জব্দ করেছে বিজিবি। 

শুক্রবার ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের আশিকানিয়া এলাকা থেকে চালানটি জব্দ করা হয় বলে বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান। 

এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

মহিউদ্দীন আহমেদ বলেন, ভোরে ওই এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় চালান আসার খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করে তীরবর্তী আশিকানিয়া এলাকার লবণমাঠ দিয়ে তিন ব্যক্তিকে বস্তা কাঁধে আসতে দেখে বিজিবির সদস্যরা। এ সময় থামার নির্দেশ দিলে লোকগুলোর সঙ্গে থাকা বস্তা ফেলে পালিয়ে যান। 

“ফেলে যাওয়া তিনটি প্লাস্টিকের বস্তার ভেতর ৩ লাখ ৮০ হাজার ইয়াবা পাওয়া যায়। আশপাশের এলাকায় অভিযান চালিয়েও পাচারকারীদের সন্ধান পাওয়া যায়নি।” 

বিজিবির এ কর্মকর্তা জানান, এ ঘটনায় টেকনাফ থানায় মামলা হয়েছে। ইয়াবাগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে।