পিরোজপুরে বিএনপির সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৭ পুলিশ সদস্য আহত
১০-১২ নেতাকর্মী আহত হওয়ার কথা জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক।
পিরোজপুরে পদযাত্রা কর্মসূচিতে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ৭ সদস্য আহত হয়েছেন বলে দাবি পুলিশের।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের সার্কিট হাউজ সড়কে এ ঘটনা ঘটে বলে পিরোজপুর সদর থানার ওসি আবীর মোহাম্মদ হাসান জানান।
ওসি বলেন, “শহরের সার্কিট হাউজ সড়কে পদযাত্রার সময়ে বিএনপির নেতা-কর্মীরা পুলিশের উপর লাঠিসোটা নিয়ে আক্রমণ করে এবং ইট ছুড়তে থাকে। এ সময় পুলিশের সাত সদস্য আহত হয়।”
তিনি আরও বলেন, “তাদের পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলায় জড়িত ছয়জনকে আটক করে।”
জেলা বিএনপির অভিযোগ, শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশ নেতা-কর্মীদের লাঠিপেটা করেছে।
জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, “পুলিশ আমাদের শান্তিপূর্ণ পদযাত্রায় লাঠিপেটা করেছে। আমাদের ১০-১২ নেতাকর্মী আহত হয়েছে। আমাদের ছয়জনকে আটক করেছে পুলিশ।”
