সিরাজগঞ্জের দুই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার
আওয়ামী লীগের নেতা-কর্মীকে মারধর এবং চাঁদা দাবির অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানায় জেলা ছাত্রলীগ।
সিরাজগঞ্জের বেলকুচি ও তাড়াশ উপজেলায় শৃঙ্খলা পরিপন্থী ও অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।
সোমবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বলে জানিয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদ।
বহিষ্কৃতরা হলেন- বেলকুচি উপজেলা সভাপতি রবিন হাসান রকি এবং তাড়াশ উপজেলা সাংগঠনিক সম্পাদক রানা মণ্ডল।
আব্দুল্লাহ জানান, ২১ মার্চ বেলকুচির রাজাপুর উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে মারধরের অভিযোগে উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকির বিরুদ্ধে থানায় দুইটি মামলা করা হয়েছে।
আবার ৫ মার্চ তাড়াশের ধামাইচহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রানা মণ্ডলসহ ১০ থেকে ১৫ জন প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় তারা অনুষ্ঠানস্থলের চেয়ার ও টেবিল ভাঙচুর করেন। এ ঘটনায় বিদ্যালয়ের পক্ষ থেকে রানাসহ অন্যদের বিরুদ্ধে থানায় মামলা হয়।
এ সব কারণে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি তাদের বহিষ্কার করেছে বলে জানান ছাত্রলীগের এই নেতা।
