১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নীলফামারীতে খাস জমি দখলের অভিযোগে ইউপি চেয়ারম্যান অপসারণ

উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Sep 2026, 10:58 PM

Updated : 16 Sep 2026, 10:58 PM

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় খাস জমি দখল, স্থাপনা নির্মাণ ও সরকারি টাকা ব্যবহারে অনিয়মের অভিযোগে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী ওরফে ‘গ্রেনেট বাবু’কে অপসারণের কথা জানানো হয় বলে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান জানান।

ইউএনও বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে স্থানীয় সরকার বিভাগ একটি কমিটি গঠন করে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তার জবাব সন্তোষজনক হয়নি।

এরপর স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় জনস্বার্থে তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়।

প্রজ্ঞাপনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আরিফুর রহমান বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।