২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ছোট ছোট দলে খুলনা যাচ্ছেন সাতক্ষীরা বিএনপির নেতাকর্মীরা

জেলা বিএনপির দাবি, তাদের নেতাকর্মীরা আগেই খুলনায় পৌঁছে গেছেন।

ছোট ছোট দলে খুলনা যাচ্ছেন সাতক্ষীরা বিএনপির নেতাকর্মীরা

সাতক্ষীরা থেকে খুলনাগামী বাসসহ সব গণপরিবহন বন্ধ

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2022, 08:06 PM

Updated : 21 Oct 2022, 08:16 PM

সাতক্ষীরা থেকে খুলনা অভিমুখে বাসসহ গণপরিবহন বন্ধ থাকায় ছোট ছোট দলে ভাগ হয়ে ছোট পরিবহনে নেতাকর্মীরা সমাবেশে যোগ দিচ্ছেন বলে জানিয়েছে বিএনপি।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের নেতাকর্মীরা আগেই খুলনায় পৌঁছে গেছেন। বাকি কিছু নেতাকর্মী ভ্যান, মহেন্দ্র, ইজিবাইক ও মোটরসাইকেলে আসছেন।

শুক্রবার সকাল থেকে খুলনাগামী বাসসহ সব গণপরিবহন বন্ধ আছে। তবে এ জেলা থেকে যশোরসহ দেশের অন্যান্য রুটের গণপরিবহন চলছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, খুলনাগামী সব বাস একত্রিত করে কেন্দ্রীয় বাস টার্মিনালে রাখা আছে। সবগুলো টিকিট কাউন্টারে তালা ঝুলছে।

আগামী শনিবার খুলনায় বিএনপির গণসমাবেশ হওয়ার কথা রয়েছে। এর আগেই খুলনা থেকে চলাচলকারী সব ধরনের বাস ও গণপরিবহন বন্ধ করে দিয়েছে বাস-মিনিবাস মালিক সমিতি।

Image

গণপরিবহন বন্ধে বিপাকে সাধারণ যাত্রীরা

বিএনপি নেতা সৈয়দ ইফতেখার আলী বলেন, “সরকার কোনোভাবেই বিএনপির গণসমাবেশ ঠেকাতে পারবে না।”

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক সাইফুল করিম সাবু ক্যামেরার সামনে কথা বলতে রাজী হননি। তবে তিনি ফোনে জানান, “বেশ কয়েকটি দাবি নিয়ে শ্রমিকরা ধর্মঘট করেছে। খুলনার কেন্দ্রীয় শ্রমিক নেতাদের আহ্বানে তাদের বাস চলাচল বন্ধ করতে হয়েছে।”

তাছাড়া জোর করে গাড়ি চালাতে গেলে তাদের ওপর হামলা ও ভাঙচুর হতে পারে এ আশঙ্কায় তারা খুলনা রুটের বাস বন্ধ রেখেছেন।

এদিকে, বাসসহ গণপরিবহন বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

আবু তালেব নামের পাটকেলঘাটা পথের এক যাত্রী বলেন, “বাস বন্ধ থাকায় গাদাগাদি করে ইঞ্জিনচালিত ভ্যান, মহেন্দ্র ও ইজিবাইকে খুলনায় যেতে হচ্ছে। সেজন্য ভাড়া ও সময় দুটোই বেশি লাগছে।”