মানিকগঞ্জে বালিরটেক-বেতিলা সড়কজুড়ে খানাখন্দ, ভোগান্তি
সড়ক সংস্কারের কাজ যে কোনো দিন শুরু হবে বলে জানিয়েছেন এলজিইডির সহকারি প্রকৌশলী।
মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক-বেতিলা সড়ক জুড়ে খানাখন্দের কারণে ভোগান্তিতে পড়ছেন কয়েকটি ইউনিয়নের কয়েক লাখ বাসিন্দা।
সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বালিরটেক থেকে বেতিলা মিতুরা ইউনিয়নের বেতিলা বাসস্ট্যান্ড পর্যন্ত এই সড়কের কাফাটিয়া থেকে বেতিলা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কের পিচ উঠে গিয়ে ছোটবড় গর্তে ভরে গেছে।
এতে অসুস্থ রোগী ও মালামাল পরিবহনে ব্যাপক সমস্যায় পড়েন চলাচলকারীরা। সমস্যার শেষ নেই স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের।
জানা গেছে, মানিকগঞ্জ সদর উপজেলার তিন ইউনিয়ন, হরিরামপুর উপজেলার কয়েকটি ইউনিয়নসহ ঢাকার নবাবগঞ্জ, দোহারের কয়েক লাখ বাসিন্দা এ সড়কপথে যাতায়াত করেন।
এই সড়ক দিয়েই হরিরামপুর উপজেলা থেকে ঢাকার গাবতলি পর্যন্ত চলাচল করে শুকতারা নামের একটি পরিবহন। এছাড়া দোহার ও নবাবগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা চেগারঘোনা বেড়ি বাঁধ থেকে স্বপ্ন পরিবহন, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশায় করে এ সড়ক দিয়ে মানিকগঞ্জ শহরে যাতায়াত করেন।
সড়কে ভোগান্তির কথা জানিয়ে কাফাটিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র জিহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃষ্টির দিনে কাদাপানির কারণে এই সড়কে চলাচল করতে পারি না। আবার শীতের সময় ধুলোয় কিছু দেখা যায় না।”
হিজলাইন এলাকায় সড়কের পাশের মুদি দোকানদার হেকমত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েক বছর আগে সড়কটি চওড়া (প্রশস্থ) করে তৈরি করা হয়। তয় রাস্তা ভাল হয় নাই। কয়েক দিন পরেই রাস্তার পিচ উঠে নষ্ট হয়ে যায়।
“এ রাস্তায় চলাচল মেলা কষ্ট। ধূলায় দোকানের জিনিস নষ্ট হয়ে যায়। আর বর্ষাকালে সড়কে কাদা আর কাদা “
সড়কে চলাচলকারী স্থানীয়ভাবে ‘হ্যালো বাইক’ নামে পরিচিত অটোরিকশার চালক সামাদ মিয়া বলেন, “মাঝে মাঝে এ সড়ক দিয়ে মানিকগঞ্জ যেতে হয়। কাফাটিয়া থেকে বেতিলা পর্যন্ত গেলে গাড়ির বারোটা বেজে যায়। গাড়ির যন্ত্রপাতি ও বডির মেলা ক্ষতি হয়।”
ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ইউনিয়নসহ পাশের হরিরামপুর উপজেলা এবং ঢাকার দোহার-নবাবগঞ্জের কয়েকটি ইউনিয়নের বাসিন্দারাও সড়কটি দিয়ে চলাচল করে। কয়েক কিলোমিটার সড়কের বেহাল দশা। দ্রুত সংস্কারের দাবি জানাই।”
পুটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,
“সড়কের বেহাল দশার বিষয়টি এলজিইডির নির্বাহী প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা আশ্বাস দিয়েছেন। টেন্ডার প্রক্রিয়াও শেষ। শুনলাম এ সপ্তাহে কাজ শুরু হবে।”
তিনি বলেন, “এ রাস্তায় চলাচল করা কঠিন ছিল। রাস্তাটি সংস্কার হলে আমাদের কষ্ট দূর হবে।”
এ বিষয়ে মানিকগঞ্জ জেলা এলজিইডির সহকারি প্রকৌশলী শাকিল রোখসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বালিরটেক-বেতিলা সড়কের সংস্কার কাজের প্রথম অংশের কাজ শেষ হয়েছে। কাফাটিয়া থেকে বেতিলা পর্যন্ত কাজের টেন্ডারসহ যাবতীয় প্রক্রিয়া শেষ হয়েছে। যেকোনো সময় ঠিকাদার কাজ শুরু করবেন।”
