হবিগঞ্জে বালুমহালের ইজারা বাতিলের দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ
“বালু উত্তোলন বন্ধ ও ইজারা বাতিল না করা হলে আমরা কঠোর আন্দোলনে যাব। “
হবিগঞ্জের বাহুবলে বালু মহালের ইজারা বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন সাতটি চা বাগানের শতাধিক শ্রমিক।
মঙ্গলবার দুপুরে বাহুবল উপজেলার রশিদপুর চা বাগানে ফয়েজাবাদ, রামপুর ও রশিদপুরসহ সাতটি বাগানের শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন।
রশিদপুর চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি নৃপেন চাষার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য দেন, ফয়েজাবাদ চা বাগানের ম্যানেজার সৈয়দ গোলাম সাকলাইন, রামপুর চা বাগানের ম্যানেজার মো. শফিক মিয়া, রামপুর চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি চাম্পা লাল রবিদাসসহ অন্যরা।
বক্তারা বলেন, সম্প্রতি কামাইছড়া বালু মহাল ইজারা দিয়েছে জেলা প্রশাসন। এর ফলে রশিদপুর চা বাগানের ভেতরের এলাকায় বালু উত্তোলন করা হবে। যা বাড়িঘর ধসের কারণ হতে পারে। এর আগেও বন্যায় ওই এলাকার ৩২টি ঘর ধসে পড়েছে। এখন বালু উত্তোলন করা হলে ব্যাপক ক্ষতির মুখে পড়বেন চা শ্রমিকরা।
রশিদপুর চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি নৃপেন চাষা বলেন, “বালু উত্তোলন বন্ধ ও ইজারা বাতিল না করা হলে আমরা কঠোর আন্দোলনে যাব। কারণ এভাবে বালু উত্তোলনের ফলে চা বাগানগুলো ধ্বংসের পথে যাবে। আর চা বাগান ধ্বংস হলে আমরা শ্রমিকরাও শেষ হয়ে যাব।”
এ বিষয়ে জানতে চাইলে ইউএনও মহুয়া শারমিন ফাতেমা বলেন, “মন্ত্রণালয় থেকে এই ইজারা দেওয়া হয়েছে। বিষয়টি জানতে পেরে আমরা এরই মধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি চিটি দিয়েছি।”
