২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জের ইছামতী-ধলেশ্বরী নদী ভাঙন, ঝুঁকিতে ঘিওর হাট

শত বছরের ঐতিহ্যবাহী ঘিওর গরুর হাট অর্ধেক নদীতে বিলীন হয়ে গেছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2022, 12:30 PM

Updated : 06 Sep 2022, 12:35 PM

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ইছামতী ও ধলেশ্বরী নদীর ভাঙনে ইতোমধ্যে কয়েকটি ঘরবাড়ি ও ফসলিজমি বিলীন হয়ে গেছে। হুমকির মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও ঐতিহ্যবাহী গরুর হাট।

ঘিওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. অহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৫ অগাস্ট ভাঙনরোধে কাজ শুরুর জন্য উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। ভাঙনরোধে স্থায়ী কোনো ব্যবস্থা না নেওয়া হলে শিক্ষা প্রতিষ্ঠান ও ঐতিহ্যবাহী ঘিওর গরুর হাট বিলীন হয়ে যাবে।

“ইতোমধ্যে কয়েকটি বাড়ি ও ফসলি জমি বিলীন হয়ে গেছে। ভাঙনরোধে কাজ শুরু হলেও ভাঙনের তীব্রতা বেশি থাকায় ভাঙনরোধ হয়নি।”

স্থানীয়রা জানান, ইছামতির ভাঙনে কুস্তা কফিল উদ্দিন দরজি উচ্চবিদ্যালয় ও শত বছরের ঐতিহ্যবাহী ঘিওর গরুর হাট অর্ধেক নদীতে ভেঙে গেছে। হুমকিতে রয়েছে কুস্তা ব্রিজ, ঘিওর-গোলাপনগরের রাস্তা, বেপারীপাড়া কবরস্থান, রসুলপুর গ্রাম ও কুস্তা কবরস্থান।

এদিকে ধলেশ্বরীর ভাঙনে শ্রীধরনগর, কুস্তা, মাইলাগী, ঘিওর পূর্বপাড়া গ্রাম, ঘিওর নদীর উত্তর পড়ের বাজার এবং ব্রিজসহ ১২-১৩ টি প্রতিষ্ঠান হুমকির মধ্যে রয়েছে।

এ বিষয়ে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান বলেন, হাট রক্ষায় স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।