নাটোরে নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেপ্তার
শিশুটির মা জানান, বিষয়টি কাউকে জানালে ধর্ষক আমার মেয়েকে মেরে ফেলার হুমকি দেন।
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার শিশুটির মা বাদী হয়ে মামলা করার পর রাতেই আসামিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে বাগাতিপাড়া মডেল থানায় ওসি সিরাজুল ইসলাম জানান।
গ্রেপ্তার আব্দুস সালাম (৪৫) বাগাতিপাড়া উপজেলার হিজলি দীঘাপাড়া গ্রামের প্রয়াত রমজান খলিফার ছেলে।
ধর্ষণের শিকার ১০ বছর বয়সী শিশুটির মা বলেন, “গত ১৩ জুলাই মামাশ্বশুর আব্দুস সালামের ভাতিজির বিয়ে ছিল। সেদিন বিয়ের অনুষ্ঠানে পরিবারের সবাই ব্যস্ত থাকায় আব্দুস সালাম আমার মেয়েকে ফুসলিয়ে বাড়ির স্টোর রুমে নিয়ে জোর করে ধর্ষণ করেন।
“এ সময় চিৎকার করলে ধর্ষক আমার মেয়ের মুখ চেপে ধরেন। বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেন। পরে ভয়ে আমার মেয়ে আর কিছু বলেনি। তিনদিন আগে আব্দুস সালাম আমাদের বাড়ি আসেন। এরপর থেকে আমার মেয়ে ঘুমের মধ্যে ভয় পেয়ে কেঁদে ওঠে।”
শিশুটির মা আরও জানান, রোববার সকালে আব্দুস সালাম আবারও তাদের বাড়িতে আসেন। তখন তাকে (আব্দুস সালামকে) দেখে শিশুটি ভয়ে দৌড়ে এসে সেদিনের ঘটনা তাকে (মাকে) বিস্তারিত জানায়।
“প্রায় তিনমাস আগের এ ঘটনায় রোববার রাতে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন। রাতেই আসামিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে সকালে আদালতে পাঠানো হয়েছে,” বলেন ওসি সিরাজুল।
