২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরের পানি থেকে বাঁচতে গিয়ে হাওরে মৃত্যু তিন ভাইবোনের

রোববার দুপুরে সুনামগঞ্জের সদর উপজেলার লক্ষ্মণশ্রী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2023, 04:11 PM

Updated : 02 Jul 2023, 06:35 PM

সুনামগঞ্জ সদর উপজেলার হাওরে নৌকা ডুবে তিন ভাইবোনের মৃত্যু হয়েছে।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে লক্ষ্মণশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ জানান।  

নিহতরা হলেন- গ্রামের দিনমজুর সোহেল মিয়ার মেয়ে তন্বী বেগম (১২), ছোট বোন তান্বী বেগম (৭) এবং ছোট ভাই রাহিম মিয়া (৪)।   

পরিবারের বরাত দিয়ে গোবিন্দুপর গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য মহিনুর রহমান বলেন, হতদরিদ্র সোহেল মিয়া স্ত্রী ও চার ছেলেমেয়েকে নিয়ে গোবিন্দপুর গ্রামের পাশের নীচু এলাকায় অন্যের জমিতে একটি কুঁড়েঘর তৈরি করে বাসবাস করেন। জায়গাটি গোবিন্দপুর মূল গ্রাম থেকে একটু বাইরে।  

গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে হাওর ফুলেফেঁপে উঠেছে। শনিবার রাতে সোহেল মিয়ার বাড়িতেও পানি ঢুকে পড়ে।

এই অবস্থায় সোহেল মিয়া সকালে নতুন জায়গার খোঁজে বের হন। আর তার স্ত্রী এনজিওর কিস্তির জন্য পাশের গ্রামে যান। বাড়িতে ১৪ বছর বয়সী বড় ছেলে নাঈম মিয়াসহ চার সন্তান ছিল।   

দুপুরের দিকে সোহেল মিয়ার ঘরে পানি ঢুকে পড়ে। তখন পানি থেকে বাঁচতে নাঈম মিয়া নিজে বাড়িতে থেকে অন্য তিন ভাইবোনকে একটি ভাঙা কুশা নৌকায় করে গোবিন্দপুর গ্রামে পাঠিয়ে দেয়। একে তো নৌকাটি ভাঙা; তার উপর সেটিতে কোনো বৈঠা ছিল না।

বড় বোন তন্বী বেগম হাতে বেয়েই নৌকাটি গোবিন্দপুর গ্রামের দিকে নিয়ে যেতে থাকে। কিন্তু নৌকার তলা ফুটো থাকায় সেটিতে পানি উঠে একপর্যায়ে ডুবে যায়। তিনজনের কেউ সাঁতার জানত না।

ঘটনাটি নাঈম মিয়া তাদের বাড়ি থেকে দেখে সেও হাওরে সাঁতার দেয় ভাইবোনদের বাঁচানোর জন্য। কিন্তু সে সাঁতরে নৌকার কাছাকাছি আসতে আসতে তিনজনই তলিয়ে যায়।

তখন নাঈম মিয়া সাঁতরে গোবিন্দপুর গ্রামে গিয়ে চিৎকার করে নৌকা ডুবে তার তিন ভাইবোন নিখোঁজ হওয়ার কথা জানায়। তার কথা শুনে লোকজন দেশীয় জাল নিয়ে এসে তল্লাশি শুরু করে বলে জানান ইউপি সদস্য মহিনুর রহমান।   

তিনি আরও বলেন, পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরাও আসেন। কিছুক্ষণ পরেই তিন ভাইবোনের মরদেহ উদ্ধার করা হয়।

লক্ষ্মণশ্রী ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ বলেন, “ঘটনাটি খুবই মর্মান্তিক। আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে হতদরিদ্র পরিবারটিকে সহযোগিতা করেছি। প্রশাসনও তাদেরকে সহযোগিতার প্রস্তুতি নিয়েছে।”