বদির ভগ্নিপতির বিরুদ্ধে দুদকের মামলা
তার বিরুদ্ধে ১ কোটি ৩ লাখ টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ভগ্নিপতির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
সোমবার দুপুরে দুদকের সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।
মামলার আসামি নুরুল হোছাইন কক্সবাজার ৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির মামাতো বোনের স্বামী এবং টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকার প্রয়াত আমির হোছাইনের ছেলে।
তার বিরুদ্ধে ১ কোটি ৩ লাখ টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
কমিশনের জেলা কার্যালয়ের উপ-পরিচালক বরাবর দায়ের করা এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ওই কার্যালয়ের সহকারী পরিচালক তুষার আহমেদ।
মামলার বাদী রিয়াজ উদ্দিন বলেন, দুদকের প্রধান কার্যালয় থেকে ‘নুরুল হোছাইন ও তার ভাই আব্দুর রহিমের বিরুদ্ধে ইয়াবা বিক্রির মাধ্যমে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের একটি অভিযোগ’ কক্সবাজার কার্যালয়ে আসে।
ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে নুরুলের কাছে সম্পদের হিসাব চাওয়া হয়।
রিয়াজ উদ্দিন বলেন, “গত ২০১৮ সালের ২৯ নভেম্বর নুরুল ডাকযোগে সম্পদের হিসাব পাঠান। তার দেওয়া হিসাব যাচাই করে জ্ঞাত আয় বর্হিভূত ১ কোটি ৩ লাখ টাকার সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যায়।
“পরে মামলা করার সুপারিশ জানিয়ে দুদকের প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠালে গত ১৫ নভেম্বর অনুমতি মেলে।”
