২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন

নৌকার নির্বাচনি ক্যাম্প ভাঙচুর ও দুটি মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন

হবিগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2024, 12:28 AM

Updated : 07 Jan 2024, 12:27 AM

হবিগঞ্জ জেলা নির্বাচন অফিসসহ শহরের বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেইসঙ্গে নৌকার নির্বাচনি ক্যাম্প ভাঙচুরের পাশাপাশি দুটি মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েকটি কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসিবুল ইসলাম বলেন, রাত পোহালেই ভোট। নির্বাচনকে প্রতিহত করতে একটি গোষ্ঠী নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। সন্ধ্যার পর শহরের ২ নম্বর পুল এলাকায় জেলা নির্বাচন অফিসের কার্যালয়ের সামনে পরপর দুটি হাতবোমা (ককটেল) বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, এদিকে শহরের শায়েস্তানগরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা সড়কে আগুন ও হাতবোমা বিস্ফোরণ ঘটায়।

পরে পইল রোডে আওয়ামী লীগের নির্বাচনি ক্যাম্প ভাঙচুর ও দুটি মোটরসাইকেলে আগুন দেয় তারা। এ ছাড়া তিনকোনা পুকুর পাড় ও উমেদনগর রোডে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে চলে যান।

এ ঘটনার পর শহরে পুলিশ, র‌্যাব ও বিজিবির টহল জোরদার করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল।