গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক প্রিন্সের মৃত্যু
মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে হাসপাতালে নেওয়ার পথে আইনজীবী মঞ্জুর মোরশেদ প্রিন্সের মৃত্যু হয়।
গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর মোরশেদ প্রিন্স মারা গেছেন।
স্ট্রোক করার পর মঙ্গলবার ভোরে হাসপাতালে নেওয়ার পথে ৫৫ বছর বয়সী এই আইনজীবীর মৃত্যু হয় বলে জানিয়েছে তার পরিবার।
প্রিন্সের বোন আইনজীবী হাছিনা জাহান বীথি বলেন, “ভোরে বাসাতেই তার স্ট্রোক হয়। এরপর গাজীপুররে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু পথেই তিনি মারা যান।“
প্রিন্স স্ত্রী ছাড়াও তিন সন্তান ও এক বোন রেখে গেছেন। তার বাবা প্রয়াত মোকদম আলীও আইনজীবী ছিলেন।
গাজীপুর জজ কোর্টের আইনজীবী ও সাবেক এপিপি মো. আসাদুল্লাহ বাদল জানান, প্রিন্সের মৃত্যুতে মঙ্গলবার আদালতের কার্যক্রম বন্ধ থাকছে। দুপুর আড়াইটার ভাওয়াল রাজবাড়ী মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।
প্রিন্সের গ্রামের বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাবাজপুর এলাকায়। তবে তিনি পরিবার নিয়ে থাকতেন থাকতেন শহরের রাজবাড়ি উত্তরপাড়া এলাকায়।
১৯৯৬ সালে আইনজীবী পেশায় আসা প্রিন্স এর আগেও দুবার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তাছাড়া জাতীয়তাবাদী আইজীবী সমিতির সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর বিএনপির সহ-সভাপতি ও জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদকেরও দায়িত্ব পালন করেছেন।
