ঝিনাইদহে প্রতারণার অভিযোগে নারী ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৪
কুষ্টিয়ার এক ব্যক্তিকে ডেকে নেয় চক্রটি। পরে তাকে এক নারীর সঙ্গে আপত্তিকর ছবি তুলতে বাধ্য করা হয়।
ঝিনাইদহ সদরে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য।
শুক্রবার রাতে কালীগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি মো. শাহীন উদ্দিন জানান।
গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নুরনেহার, করাতিপাড়া গ্রামের জাহানারা বেগম, কালীগঞ্জ উপজেলার বাকড়া গ্রামের রুহানী বেগম ও কুলফাডাঙ্গা আজিম মণ্ডল।
তাদের বিরুদ্ধে নারী ও পুরুষদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে ঘরে আটক করে মোবাইলে আপত্তিকর ছবি ধারণ এবং সেসব ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ রয়েছে বলে জানান ওসি শাহীন উদ্দিন।
তিনি বলেন, গত বৃহস্পতিবার কুষ্টিয়ার এক ব্যক্তি ডেকে নেয় চক্রটি। পরে তাকে এক নারীর সঙ্গে আপত্তিকর ছবি তুলতে বাধ্য করা হয়। সেই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে এক লাখ ১৯ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি।
পরে এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ করলে অভিযান চালিয়ে চারজনকে আটক এবং তাদের কাছ থেকে ৫৯ হাজার টাকা জব্দ করা হয় বলে জানান ডিবি পুলিশের এ কর্মকর্তা।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]
