২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ট্রলার ডুবে নিখোঁজ যুবক

ট্রলারে থাকা বাকিরা সাঁতরে তীরে উঠলে পারলেও সেলিম নিখোঁজ হন।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2022, 02:01 PM

Updated : 22 Aug 2022, 02:42 PM

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবে এক যুবক নিখোঁজ হয়েছেন।

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সিরাজদিখান স্টেশন লিডার মো. মাসুদ রানা জানান, উপজেলার তালতলা-গৌরগঞ্জ (ডহরি) খালের মালখানগর ইউনিয়নের ফেগুনাসার নৌ-টুল বক্সের সামনে রোববার বিকাল সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ মো. সেলিমের (২৭) সন্ধানে সোমবার সকাল থেকে তল্লাশি শুরু করেছে বলে জানান তিনি।

সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের চম্পকদি গ্রামের সিরাজ মাঝির ছেলে সেলিম ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

দুর্ঘটনার সময় ট্রলারে থাকা চারজনের মধ্যে বাকিরা সাঁতরে তীরে উঠতে পারলেও সেলিম নিখোঁজ হন।

ট্রলারের যাত্রী সেলিমের খালাতো ভাই হারুন বলেন, “আমরা চারজন ছিলাম। যার থেকে ট্রলার ভাড়া করি সে না এসে এক বাচ্চা ছেলেকে দিয়ে ট্রলার পাঠায়। ছেলেটি নদীতে ট্রলারটি ঘোরানোর সময় একটি বাল্কহেড আমাদের ট্রলারের উপরে উঠিয়ে দিলে সেটি ডুবে যায়।

“পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু ডুবে যাওয়া ট্রলারটি এখনও শনাক্ত করা যায় নাই।”

ফায়ার সার্ভিস কর্মকর্তা মাসুদ বলেন, “দুপুর পর্যন্ত সেলিমের কোনো হদিস মেলেনি। আমরা চেষ্টা চালাচ্ছি।“