২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

অপ্রতিম হত্যা: দুই কিশোর আসামি টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে

ইশায়াত শাহরিয়ার অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Sep 2026, 11:21 PM

Updated : 21 Sep 2026, 11:21 PM

কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামির মধ্যে দুই কিশোরকে গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) পাঠানো হয়েছে।

সোমবার বিকাল ৪টার দিকে ১৫ ও ১৬ বছর বয়সী ওই দুই কিশোরকে টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে আনা হয় বলে কেন্দ্রটির তত্ত্বাবধায়ক মো. এমরান খান জানান।

শিশু উন্নয়ন কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, তারা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় প্রচলিত আইনি প্রক্রিয়া অনুযায়ী আদালত তাদের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছে।

পুলিশ জানায়, অপ্রতিম হত্যা মামলায় প্রধান আসামি সাইফুল ইসলাম তুহিনসহ (১৯) তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে সন্দেহভাজন আসামি হিসেবে মো. সিয়ামকেও (১৯) গ্রেপ্তার করা হয়।

চারজনকে আদালতে হাজির করার পর তাদের বয়স ও মামলার বিষয়টি বিবেচনায় নিয়ে দুই কিশোরকে টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে এবং অপর দুই আসামিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

নিহত ইশায়াত শাহরিয়ার অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান। সে কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

শুক্রবার কুমিল্লার কোটবাড়ীর গন্ধমতী এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন। পরদিন দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।