কুড়িগ্রামে আওয়ামী লীগের কর্মীসভায় হট্টগোল, চেয়ারের আঘাতে নেতা হাসপাতালে
চেয়ারের আঘাতে মাটিতে পড়ে গেলে উপস্থিত নেতাকর্মীরা তাকে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করান।
কুড়িগ্রামের উলিপুরে কর্মীসভায় হট্টগোলের মধ্যে ছোড়া চেয়ারের আঘাতে আহত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান।
শনিবার সন্ধ্যায় উপজেলা অডিটোরিয়ামে চলা কর্মীসভায় এ ঘটনা ঘটে।
আহত বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
স্থানীয় নেতারা জানান, উপজেলা আওয়ামী লীগের আসন্ন ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে ১৪ অক্টোবর বর্ধিত সভা আহ্বান করা হয়।
এ উপলক্ষে ডাকা প্রস্তুতিমূলক সভা চলাকালীন কথা কাটাকাটির এক পর্যায়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাহার আলী রাজা সাধারণ সম্পাদক মন্টুকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারেন।
চেয়ারের আঘাতে মাটিতে পড়ে গেলে উপস্থিত নেতাকর্মীরা তাকে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করান।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উলিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ বলেন, “রাজনীতিতে প্রতিযোগিতা ও গ্রুপিং থাকবে, কিন্তু পেশিশক্তির ব্যবহার নিন্দনীয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
হামলার বিষয়ে আজহার আলী রাজা বলেন, “দীর্ঘদিন উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি না থাকায় একক কর্তৃত্বে দল পরিচালনা করেন গোলাম হোসেন মন্টু। সেই সুযোগে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটিতে বিএনপি-জামায়াত ও হাইব্রিডদের নিয়ে কমিটি গঠন করেন তিনি।
“জেলা সভাপতি জাফর আলী ও সাধারণ সম্পাদক আমান উদ্দিন মঞ্জু কাউন্সিলের আগে ইউনিয়ন ও পৌরসভার ত্রুটিপূর্ণ কমিটিগুলো পুনর্গঠন করার নির্দেশ দেন। কিন্তু সাধারণ সম্পাদক চুপি চুপি কাউন্সিলের তারিখ এনে পকেট কমিটি দিয়ে নিজে সাধারণ সম্পাদক থাকার পরিকল্পনা নিয়েছেন। সভায় এই বিষয়টি নিয়ে কথা বলার এক পর্যায়ে তিনি উত্তেজিত হয়ে কথা বলা শুরু করলে উভয়ের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে।”
উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু বলেন, “কাউন্সিল বানচাল করতে একটি পক্ষ কোনো কিছু বুঝে ওঠার আগেই আমার ওপর পেশীশক্তি প্রদর্শন করে। আমি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। সুস্থ হলেই জেলার নেতাদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেব।”
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহীদুল্লাহ লিংকন জানান, রোগীকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভর্তি করার পর দ্রুত পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে। তিনি বুকে আঘাত পেয়েছেন; বর্তমানে কিছুটা সুস্থ।
