পিরোজপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
বাড়ি থেকে বেরিয়ে ইউনিয়ন পরিষদের দিকে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় এক ইউনিয়ন পরিষদ সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ডের আজাহারিয়া শিকদার বাড়ি মাদ্রাসার সামনের সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান জানান।
নিহত ৪০ বছর বয়সী মামুন হাওলাদার ওই ইউনিয়ন পরিষদের জোলাগাতী গ্রামের মৃত মেহনাজ হাওলাদারের ছেলে। তিনি কাউখালি উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
ভিটেবাড়িয়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সিদ্দিকুর রহমান বলেন, “মামুন বাড়ি থেকে বেরিয়ে ইউনিয়ন পরিষদের দিকে যাচ্ছিলেন। পথে আজাহারিয়া শিকদার বাড়ি মাদ্রাসার সামনের সড়কে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।”
এ ঘটনায় মিলনের বাঁ পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানান তিনি।
নিহতের ভাগ্নে সোহাগ হাওলাদার বলেন, তার মামা সকালে বাড়ি থেকে বের হয়ে ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া সড়ক হয়ে কাউখালিতে শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। পথে হঠাৎ করেই তার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে দুর্বৃত্তরা।
“তারা মামাকে এলোপাতাড়ি কুপিয়ে শরীর বাম পা বিচ্ছিন্ন করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।”
নিহতের স্ত্রী নিলুফা বেগমের অভিযোগ, তাদের এলাকার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধের জেরে স্থানীয় সিদ্দিকী গাজী, কামাল, রাজুসজহ আরও কয়েকজন সন্ত্রাসী তার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে।
এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহিম জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এতে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
