রংপুরে ‘মাদক কারবারের’ দ্বন্দ্বে হত্যা, ভাই ও ভগ্নিপতি গ্রেপ্তার
গত ২৫ জুলাই মাদক ব্যবসা নিয়ে ছোট ভাই এবং ভগ্নিপতির সঙ্গে কথাকাটাকাটি হয় হেলাল মিয়ার।
রংপুরের পীরগঞ্জ উপজেলায় মাদক ব্যবসার দ্বন্দ্বে বড় ভাইকে হত্যার ঘটনায় ছোট ভাই ও ভগ্নিপতিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার বুধবার র্যাব-১৩ এর অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম বলেন, বুধবার রাতে রাজধানী ঢাকার উত্তরা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মহিবুল ইসলাম এবং তার ভগ্নিপতি আব্দুল মালেক।
কমান্ডার আরাফাত ইসলাম বলেন, গত ২৫ জুলাই মাদক ব্যবসা নিয়ে ছোট ভাই মহিবুল এবং ভগ্নিপতি আব্দুল মালেকের সঙ্গে কথাকাটাকাটি হয় হেলাল মিয়ার। এক পর্যায়ে মহিবুল তার বড় ভাই হেলালের পেটে হাঁসুয়া ঢুকিয়ে দেন।
তিনি বলেন, পরে হেলাল মিয়াকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহত হেলাল মিয়ার স্ত্রী বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।
আরাফাত ইসলাম আরও বলেন, “বুধবার রাতে ঢাকার উত্তরা থেকে ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেছেন।”
এরপর আসামিদের পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
আরও পড়ুন:
