বরিশালে ‘সাঁতরে নদী পার হতে গিয়ে’ স্কুলছাত্রের মৃত্যু
সমবয়সী দুজনকে নিয়ে নদীতে গোসলে গিয়েছিল ওই স্কুলছাত্র।
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলায় সাঁতরে নদী পার হতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার বিকালে সন্ধ্যা নদী থেকে লাশটি উদ্ধার করা হয় বলে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান।
১২ বছর বয়সী নিহত আব্দুল্লাহ হাওলাদা বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার গ্রামের সুমন হাওলাদারের ছেলে। এ ছাড়া সে ঢাকার একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতের স্বজনদের বরাতে ফায়ার সার্ভিসের বিপুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আব্দুল্লাহ ১০ দিন আগে আগৈলঝাড়ার পশ্চিমপয়সা গ্রামে তার নানাবাড়ি বেড়াতে যায়।
শনিবার বেলা ১১টার দিকে দুই সমবয়সীকে নিয়ে সন্ধ্যা নদীর পয়সারহাট বন্দর সংলগ্ন এলাকায় গোসলে যায় ওই স্কুলছাত্র।
গোসলে নেমে তিন কিশোর সাঁতরে নদী পার হচ্ছিল। দুজন পাড়ে উঠতে পারলেও মাঝ নদীতে নিখোঁজ হয় আব্দুল্লাহ।
প্রথমে স্থানীয় ও পরিবারের সদস্যরা নদীতে তার সন্ধান চালায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ৪ ঘণ্টার চেষ্টায় আব্দুল্লাহর লাশ উদ্ধারের পর স্থানীয় ইউপি সদস্যের কাছে হস্তান্তর করে।
