২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরের পায়রাবন্দ ইউপি চেয়ারম্যানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা

মাহবুবুর রংপুর জেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং মিঠাপুকুর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারির দায়িত্বে ছিলেন।

রংপুরের পায়রাবন্দ ইউপি চেয়ারম্যানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা

রংপুরের পায়রাবন্দ ইউপি চেয়ারম্যানকে হত্যায় জড়িত সন্দেহে হারুনকে আটক করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2023, 01:25 AM

Updated : 06 Nov 2023, 01:25 AM

রংপুরের মিঠাপুকুরে পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমানকে মাছ কাটার বটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।  

রোববার রাত সাড়ে ১০টার দিকে পায়রাবন্দ বাজারে এ ঘটনা ঘটে বলে জানান মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান। 

মাহবুবুর রংপুর জেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং মিঠাপুকুর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারির দায়িত্বে ছিলেন।

এ ঘটনায় আটক হারুন একই ইউনিয়নের সদরপুর গ্রামের বাসিন্দা। তার ভাই পায়রাবন্দ বাজারের একজন মাছ ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, রাতে পায়রাবন্দ বাজারে নিজের ওষুধের দোকান বন্ধ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন চেয়ারম্যান মাহবুবুর। এ সময় হঠাৎ করে তাকে বটি দিয়ে কোপানো হয়। গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ সময় বাজারে থাকা লোকজন হারুনকে আটক করে পুলিশে দেয়।

চেয়ারম্যানকে হত্যার খবর পেয়ে সেখানে ছুটে আসেন শত শত মানুষ। উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

রংপুরের সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) আবুল হাসান, মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।

মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার বলেন, “আমরা জানতে পেরেছি, হারুন নামে এক ব্যক্তি চেয়ারম্যানকে কুপিয়েছেন। চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, “এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও আমরা বাড়তি সতর্কতা নিয়েছি, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।”