২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরকীয়ায় বাধা পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর প্রাণদণ্ড

পরকীয়ার বিষয়টি জানাজানি হলে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। পরে ২০১৯ সালের ৪ জুন মমতাজ স্ত্রীকে শ্বাস রোধে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রাখেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2022, 11:08 PM

Updated : 11 Aug 2022, 11:08 PM

রংপুরের বদরগজ্ঞে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

আসামির উপস্থিতিতে বৃহস্পতিবার রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তারিক হোসেন এ রায় ঘোষণা করেন।

দন্ডিত মমতাজ ওরফে সুলতান দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খাগড়াবন্দ মধ্যপাড়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে।

রায় ঘোষণার পর তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

মামলার নথি থেকে জানা যায়, রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামের মোসলেম উদ্দিনের মেয়ে সুমাইয়া আখতার শারমিনের সঙ্গে দিনাজপুরের মমতাজ ওরফে সুলতানের প্রেমের সম্পর্কে বিয়ে হয়। বিয়ের পর এক বছর সুমাইয়া স্বামীসহ তার বাবার বাড়িতেই ছিলেন। এই সময় মমতাজ পার্শ্ববর্তী গুচ্ছ গ্রামের একটি মেয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন।

বিষয়টি জানাজানি হয়ে গেলে সুমাইয়ার সঙ্গে সুলতানের ঝগড়া হয়।

এর জেরে ২০১৯ সালের ৪ জুন মমতাজ স্ত্রীকে পার্শ্ববর্তী কুতুবপুর বালুয়াপাড়া গ্রামের যমুনেশ্বরী নদীর তীরে একটি আখ ক্ষেতে নিয়ে শ্বাস রোধে হত্যা করেন। পরে মরদেহ ওড়না পেঁচিয়ে একটি ডুমুর গাছে ঝুলিয়ে রেখে চলে যান।

এ ঘটনায় নিহতের বাবা মোসলেম উদ্দিন বাদী হয়ে বদরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ মমতাজকে গ্রেপ্তারের পর আদালতে পাঠায়; সেখানে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

বাদীপক্ষে মামলা পরিচালনাকারী অতিরিক্ত পিপি নয়নুর রহমান টফি জানান, “আমরা বাদীপক্ষে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি।”

আসামিপক্ষের আইনজীবী আবুল হোসেন বলেন, তার মক্কেল ন্যায্য বিচার পাননি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।