বিজিবি দেখে পালালো ‘চোরাকারবারি’, উদ্ধার ২ কেজি আইস, ৭৮ হাজার ইয়াবা
পৃথক অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে বিজিবি।
কক্সবাজারের টেকনাফ উপজেলায় টহলের সময় পালিয়ে যাওয়া ‘চোরাকারবারিদের’ ফেলে যাওয়া ব্যাগ থেকে দুই কেজি আইস ও ৭৮ হাজার ইয়াবা উদ্ধারের খবর জানিয়েছে বিজিবি।
রোববার টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, আগেরদিন ভোরে পৃথক অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করেন তারা।
তবে অভিযানে কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।
কর্নেল মহিউদ্দীন বলেন, “টেকনাফের সাবরাং কাটাবুনিয়া এলাকা দিয়ে সাগরপথে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসার খবরে বিজিবির টহলদল সেখানে অবস্থান নেয়।
“এ সময় এক ব্যক্তিকে বঙ্গোপসাগর পাড়ে সাম্পান থেকে নেমে একটি ব্যাগ হাতে নিয়ে মেরিন ড্রাইভ সড়কের দিকে আসতে দেখা যায়। ওই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাকে থামার নির্দেশ দিলে তিনি ব্যাগ ফেলে গ্রামের ভেতরে পালিয়ে যায়।”
পরে ফেলে যাওয়া প্লাস্টিকের ব্যাগ থেকে ২ কেজি ১৩২ গ্রাম আইস উদ্ধার করা হয় বলে জানান এ বিজিবি কর্মকর্তা।
অপরদিকে টেকনাফের সাবরাং আশেকানিয়া এলাকা দিয়ে ইয়াবার একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে ঢোকার খবরে একইভাবে অভিযান চালায় বিজিবি।
এ সময় সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে দুইজন ব্যক্তিকে নাফনদী পার হয়ে কয়েকটি বস্তা হাতে আশেকানিয়া এলাকায় লবণ মাঠের দিকে আসতে দেখে থামার নির্দেশ দেয়।
এ সময় বস্তাগুলো ফেলে অন্ধকারে পাশের গ্রামের দিকে তারা পালিয়ে যায় বলে জানান কর্নেল মহিউদ্দীন।
তিনি বলেন, “এরপর ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুইটি প্লাস্টিকের বস্তা থেকে ৭৮ হাজার ৮০০টি ইয়াবা উদ্ধার করা হয়।”
এসব ঘটনায় জড়িত চোরাকারবারিদের সনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান এ বিজিবি কর্মকর্তা।
