২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

টঙ্গীতে ‘চোর সন্দেহে’ যুবককে পিটিয়ে হত্যা

ইজিবাইকের ব্যাটারি খুলে পালিয়ে যাওয়ার সময় শাহ আলীকে ঘিরে ফেলে স্থানীয় লোকজন বলে পুলিশ জানায়।

টঙ্গীতে ‘চোর সন্দেহে’ যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2024, 06:10 PM

Updated : 18 Jan 2024, 06:48 PM

গাজীপুরের টঙ্গীতে ‘চোর সন্দেহে’ এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নিশাত নগর বস্তিতে এ ঘটনা ঘটে বলে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান। 

নিহত মো. শাহ আলী (৩০) ওই নিশাত নগর বস্তিতে বসবাস করতেন। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি সাখাওয়াত হোসেন বলেন, ওই বস্তিতে আসাদুল নামের এক ব্যক্তির ব্যাটারিচালিত ইজিবাইকের গ্যারেজ রয়েছে। গ্যারেজটিতে প্রতিদিন রাতে গড়ে পাঁচ-ছয়টি ইজিবাইক থাকে। 

“ভোরে শাহ আলী তালা ভেঙে ওই গ্যারেজে প্রবেশ করেন। পরে ইজিবাইকের ব্যাটারি খুলে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন শাহ আলীকে ঘিরে ফেলে এবং তাকে মারধর করে।” 

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শাহ আলীকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।   

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।