১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঘরের মেঝে খুঁড়ে মিলল মেয়ের মরদেহ, মা গ্রেপ্তার

হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

ঘরের মেঝে খুঁড়ে মিলল মেয়ের মরদেহ, মা গ্রেপ্তার

বগুড়ার ধুনট থানা।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2023, 09:53 PM

Updated : 22 Jul 2023, 10:41 PM

বগুড়ার ধুনটে বসতঘরের মেঝে খুঁড়ে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধারের পর পুলিশ বলছে, ওই নারীকে হত্যা করেছে তারই মা।

শনিবার বিকালে ধুনট পৌরসভার চান্দারপাড়া গ্রাম থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। 

পুলিশ জানিয়েছে, স্বামী ছেড়ে যাওয়ার পর থেকে মর্জিনা খাতুন (৩৬) চান্দারপাড়ায় মা রওশনারা বেগমের (৫৫) সঙ্গে থাকতেন। কয়েকদিন ধরে ফোন করে মর্জিনার খোঁজ পাচ্ছিলেন না ঢাকায় অবস্থানরত তার ছেলে।

এরইমধ্যে রওশনারা বেগম বসতঘরে তালা দিয়ে ঢাকায় চলে যান। দুই দিন আগে তিনি বাড়িতে ফিরলে মর্জিনার খোঁজ করেন প্রতিবেশীরা। রওশনারার অসংলগ্ন উত্তর শুনে তাদের সন্দেহ হয়।

পরে স্থানীয়রা বিষয়টি থানা পুলিশকে মৌখিকভাবে জানায়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ, এক পর্যায়ে রওশনারাকে আটক করে পুলিশ।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার বিকাল ৪টার দিকে শয়ন ঘরের মেঝের মাটি খুঁড়ে তার মেয়ের লাশ উদ্ধার করা হয়।

ধুনট থানার ওসি রবিউল ইসলাম বলেন, “১০/১২ দিন আগে থেকে এলাকার লোকজন তাকে খুঁজে পায়নি। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ না করলেও আমরা অনুসন্ধানের জন্য সোর্স রেখেছিলাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেয়েকে হত্যার কথা তিনি (রওশনারা) স্বীকার করেছেন।

“আটকের পর তিনি অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত কি না, কেনইবা হত্যা-এসব বিষয়ে আরও তদন্তের পর বলা যাবে।”