২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট স্থগিত চাইলেন উবায়দুল মোকতাদিরের প্রতিদ্বন্দ্বী ওলিওর

প্রধান নির্বাচনি এজেন্ট শেখ ওমর ফারুক পরে সাংবাদিকদের বলেন, “এখানে ভোটের পরিবেশ নেই। তাই ভোট গ্রহণ স্থগিতের আবেদন করা হয়েছে।”

ভোট স্থগিত চাইলেন উবায়দুল মোকতাদিরের প্রতিদ্বন্দ্বী ওলিওর

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী লায়ন ফিরোজুর রহমান ওলিওর।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2024, 03:48 PM

Updated : 07 Jan 2024, 03:48 PM

অনিয়মের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী লায়ন ফিরোজুর রহমান ওলিওর ভোট গ্রহণ স্থগিতের আবেদন করেছেন।

কাঁচি প্রতীকের প্রধান নির্বাচনি এজেন্ট শেখ ওমর ফারুক জেলা রিটার্নিং কর্মকর্তা ও ডিসি মো. হাবিবুর রহমানের কাছে রোববার দুপুরে এ আবেদন করেন।

আবেদনপত্রে বলা হয়েছে, “এই আসনের প্রায় প্রতিটি ভোটকেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থীর দলীয় নেতাকর্মীরা জোরপূর্বক কেন্দ্র দখল করে কাঁচি প্রতীকের এজেন্টদেরকে বের করে দিয়ে নৌকা প্রতীকের ব্যালটে সিল মারছেন। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া শহরের কেন্দ্রগুলোতে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা তাদের এজেন্টদেরকে বের করে দেন।

“শহরের মধ্যপাড়া হুমায়ুন কবির সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনিয়ে বাইরে নিয়ে গিয়ে সিল মারা হয়েছে।”

এ ব্যাপারে প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো সহযোগিতা পাননি উল্লেখ করে আবেদনপত্রে বলা হয়েছে, “এ অবস্থায় সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এই সংসদীয় আসনের ভোটগ্রহণ স্থগিতের আবেদন করছি।”

ফিরোজুর রহমান ওলিওরের ছেলে শেখ ওমর ফারুক পরে সাংবাদিকদের বলেন, “এখানে ভোটের পরিবেশ নেই। তাই ভোট গ্রহণ স্থগিতের আবেদন করা হয়েছে।”

এ ব্যাপারে জানতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও ডিসি মো. হাবিবুর রহমান বলেন, “স্বতন্ত্র প্রার্থীর একটি আবেদন পেয়েছি। কিন্তু এখানে ভোট স্থগিতের মত কোনো ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশ বজায় আছে।

“ওলিওর সাহেব অভিযোগ দিলেও তিনি কিন্তু নির্বাচনি এলাকা ঘুরে বেড়াচ্ছেন। এরই মধ্যে জাল ভোটের জন্য ১১ জনকে শাস্তি দেওয়া হয়েছে। দুপুর ২টা পর্যন্ত শতকরা ২৯ ভাগ ভোট পড়েছে।”

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী র আ ম উবায়দুর মোকতাদির চৌধুরী নৌকা প্রতীক নিয়ে লড়াই করছেন।