গোপালগঞ্জে ‘চুরির অপবাদে’ কিশোরকে নির্যাতনের মামলা, গ্রেপ্তার ৩
পূর্বশত্রুতার জেরে আসামিরা ওই কিশোরকে চোর বলে ধাওয়া দিয়ে ধরে বেধড়ক মারধর করে বলে মায়ের মামলায় অভিযোগ করা হয়।
ভ্যান চুরির অপবাদ তুলে গোপালগঞ্জে এক কিশোরকে নির্যাতনের অভিযোগে মামলার পর পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
বুধবার দুপুরে কাশিয়ানী উপজেলার রামদিয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে কাশিয়ানী থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ ফিরোজ আলম জানান।
এর আগে একই দিন ওই কিশোরের মা বাদী হয়ে ছয়জনকে আসামি করে কাশিয়ানী থানায় মামলা করেছেন।
গ্রেপ্তাররা হলেন মোস্তাক শেখ (৩০), টুলু শরীফ (৩০) ও নুর ইসলাম শিকদার (৫০)।
মামলার নথি থেকে জানা যায়, শনিবার সকালে ওই কিশোর ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। ভ্যানে যাত্রী নিয়ে রামদিয়া বাজারের বটতলায় পৌঁছালে পূর্বশত্রুতার জের ধরে আসামিরা তাকে ‘চোর চোর’ বলে ধাওয়া করে। এরপর তাকে ধরে বেধড়ক মারধর করে।
এ সময় বিড়ির আগুন দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে ছেঁকা দেয়। কাঁচি দিয়ে মাথার চুল কেটে দেয়।
অভিযোগে বলা হয়, খবর পেয়ে কিশোরের মা-বাবা এসে আসামিদের অনুনয়-বিনয় করে ছেলেকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন; কিন্তু আসামিরা তাদের অকথ্য ভাষায় গালাগাল করে।
আশপাশের লোকজন এগিয়ে এলে তাদের প্রাণনাশের হুমকি দেয় এবং আসামিরা নির্যাতনের দৃশ্যের ভিডিও ধারণ করে ফেইসবুকে ছড়িয়ে দেয় বলে মামলায় বলা হয়।
ভিডিওটি ফেইসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
কাশিয়ানী থানার ওসি মো. সওগাতুল আলম বলেন, বিষয়টি পুলিশ সুপারসহ প্রশাসনের নজরে আসে। এরপর পুলিশ সুপারের নির্দেশে মামলা দায়েরের পর দ্রুত ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে; বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে ওসি জানান।
আরো পড়ুন:
