২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বজনদের দাবি ‘খুন’, পুলিশ বলছে ‘গণপিটুনিতে মৃত্যু’

পুলিশ জানায়, লাশের পাশে একটি ছুরি পাওয়া যায়; সেটি জব্দ করা হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2023, 10:34 PM

Updated : 23 Nov 2023, 10:34 PM

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে ‘গণপিটুনিতে’ এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানায় পুলিশ। তবে নিহতের পরিবারের অভিযোগ, পুরোনো দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষ হত্যা করে ‘গণপিটুনি’ বলে চালিয়ে দিচ্ছে।

গত বুধবার মাঝরাতে নিতাইগঞ্জের ঋষিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে রাতেই মরদেহ উদ্ধার করে।

নিহত শাহাদাত হোসেন ওরফে হাবু (৩০) চাঁদপুর জেলার প্রয়াত শাহ্জাহান মিয়ার ছেলে। তিনি পরিবারের সঙ্গে নারায়ণগঞ্জ নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকায় থাকতেন।

ঘটনাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই গোলাম মোস্তফা স্থানীয়দের বরাতে বলেন, “রাতে একটি মোটরসাইকেলে চড়ে ওই এলাকায় যান হাবু। পরে ছিনতাইয়ের অভিযোগ তুলে তাকে গণপিটুনি দেন স্থানীয়রা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে রাস্তার উপর লাশটি পড়ে থাকতে দেখে।

“লাশের পাশে একটি ছুরি পাওয়া যায়; পুলিশ ছুরি ও মোটরসাইকেলটি জব্দ করেছে।”

এদিকে, নিহতের স্ত্রী তানিয়া আক্তার বলেন, ছয় মাস আগে তাদের বিয়ে হয়েছে। ঘটনার রাতে তিনি বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় বাবার বাড়িতে ছিলেন। রাত ৩টার দিকে স্বামীর মৃত্যুর কথা জানতে পারেন তিনি।

তার স্বামী শহরের নয়ামাটি এলাকায় একটি হোসিয়ারি কারখানায় চাকরি করতেন বলে দাবি তানিয়ার।

তানিয়া জানান, তার স্বামীর সঙ্গে নিতাইগঞ্জের ঋষিপাড়া এলাকার কয়েকজন মাদক কারবারির পুরোনো দ্বন্দ্ব ছিল। এ নিয়ে একবার মারামারিও হয়। ওই সময় মামলার আসামিও হন স্বামী। গতরাতে পরিচিত লোকজন তাকে মোটরসাইকেল চালিয়ে ঋষিপাড়া এলাকায় ঢুকতে দেখেছেন।

তানিয়া আরও বলেন, “ওই এলাকার প্রতিপক্ষের লোকজন আমার স্বামীকে খুন করেছে। তারা এইটাকে গণপিটুনি বলে চালিয়ে দিচ্ছে। আমার স্বামীরও দোষ আছে; তাকে পুলিশ পূর্বে গ্রেপ্তারও করেছিল। কিন্তু কাউকে প্রাণে মেরে ফেলার অধিকার তো কারও নাই।”

“স্বামী হত্যার বিচার চেয়ে মামলা করব,” নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গের সামনে দাঁড়িয়ে বলেন নিহতের স্ত্রী।

বৃহস্পতিবার বিকালে এই প্রতিবেদক ঋষিপাড়া এলাকাটি ঘুরে অন্তত ১২ জন স্থানীয় নারী-পুরুষের সঙ্গে কথা বলেছেন।

স্থানীয় লোকজনের কাছে শাহাদাত হোসেন আগে থেকেই পরিচিত। তাকে সবাই ‘হাবু’ নামে চেনেন। তিনি প্রায় সময়ই এই এলাকায় আড্ডা দিতেন।

স্থানীয়দের ভাষ্য, রাত আনুমানিক ১টার দিকে মসজিদের মাইকে এলাকায় ‘ডাকাত পড়েছে’ বলে ঘোষণা আসে। এরপর লোকজন ঘর থেকে বেরিয়ে দেখেন, শাহাদাতের লাশ রাস্তার উপর পড়ে আছে। পাশে একটি মোটরসাইকেল ভাঙা অবস্থায় পড়ে আছে।

চন্দ্রমোহন দাস নামে ঋষিপাড়ার এ ব্যক্তি বলেন, “মাইকের ঘোষণা শুনে ঘর থেকে বেরিয়ে দেখি, হাবুর লাশ পড়ে আছে রাস্তায়। হাবু ভয়াবহ লোক ছিল! প্রায় সময় সে রাস্তা দিয়ে যাওয়া লোকজনের টাকা-পয়সা ছিনতাই করত। এটা ঠিক, তার সাথে এই এলাকার কয়েকজন ব্যক্তির দ্বন্দ্ব ছিল। যাদের সাথে দ্বন্দ্ব তারাও ভালো লোক না, সবগুলা ক্রিমিনাল।”

উভয়পক্ষের মধ্যে একাধিকবার মারামারি হয়েছে বলেও জানান চন্দ্রমোহন।

এদিকে, সদর মডেল থানার ওসি শাহাদাত হোসেন বলেন, “নিহত ওই ব্যক্তির নামে হত্যা, ছিনতাই, মাদক সংশ্লিষ্টতার অভিযোগে বিভিন্ন থানায় অন্তত সাতটি মামলা রয়েছে। সে চিহ্নিত একজন ছিনতাইকারী। আমরা প্রাথমিকভাবে এলাকাবাসীর গণপিটুনিতে নিহতের ব্যাপারটি জানতে পেরেছি। তবে এর বাইরেও আর কিছু আছে কিনা সে ব্যাপারে তদন্ত চলছে।”

বিকালে ময়নাতদন্তের পর নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

তবে প্রতিবেদনটি লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি।