টিসিবির পণ্য বিতরণে অনিয়ম ঠেকাতে ‘অ্যাপ’
নারায়নগঞ্জে ‘হাতের মুঠোয় টিসিবি সেবা’ নামে অ্যাপ চালু এবং সুবিধাভোগীদের ‘স্মার্ট কার্ড’ বিতরণ করা হয়েছে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আওতায় পণ্য বিতরণে অনিয়ম ও জনভোগান্তি ঠেকাতে প্রযুক্তির ব্যবহার শুরু করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
এ জন্য ‘হাতের মুঠোয় টিসিবি সেবা’ নামে একটি অ্যাপও চালু এবং সুবিধাভোগীদের মধ্যে ‘স্মার্ট কার্ড’ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ এই তথ্য জানান।
মঞ্জুরুল হাফিজ বলেন, টিসিবির পণ্য বিতরণে বেশ কিছু এলাকায় অনিয়ম ও গ্রাহকদের ভোগান্তির অভিযোগ উঠেছে। সব ধরনের অনিয়ম ও জনভোগান্তি দূর করতে জেলা প্রশাসন ‘হাতের মুঠোয় টিসিবি সেবা’ নামে অ্যাপ উদ্ভাবন করেছে। এই অ্যাপের মাধ্যমে সিটি করপোরেশন, উপজেলা, ইউনিয়ন পরিষদ ও পৌরসভাগুলোর ওয়ার্ড পর্যায়ে টিসিবি পণ্য যথাযথ নিয়মে বিতরণ হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা যাবে।
টিসিবির পণ্যের পরিবেশক (ডিলার) বা জনপ্রতিনিধিদের কেউ অনিয়ম বা দুর্নীতির চেষ্টা করলে তা অ্যাপে ধরা পড়বে বলে জানান জেলা প্রশাসক।
এ ছাড়া কোনো সুবিধাভোগী বরাদ্দের বেশি পণ্য ক্রয়ের চেষ্টা করলেও অ্যাপের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা যাবে বলে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান।
তিনি আরও জানান, নারায়ণগঞ্জ জেলায় ২ লাখ ১৪২০টি স্মার্ট কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে; এর মধ্যে ১ লাখ ৭০,০০০ কার্ড ইতোমধ্যে গ্রাহকদের হাতে পৌঁছে গেছে। বাকি কার্ডগুলো দ্রুত বিতরণ করা হবে।
জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আনোয়ার হোসাইন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌসসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
