স্থানীয় সরকারে জরুরি ছাড়া সব দরপত্র, কেনাকাটা স্থগিতের নির্দেশ
ইতিমধ্যে যেসব কার্যাদেশ দেওয়া হয়েছে বা বাস্তবায়নাধীন প্রকল্পের বিষয়ে আলাদা কোনো নির্দেশনা আসেনি।
রাষ্ট্রীয় জরুরি বিষয় ছাড়া সব ধরনের কাজ, সেবা ও পণ্য সরবরাহ সংক্রান্ত দরপত্র এবং ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
সরকারি ক্রয়সংক্রান্ত সংশোধিত অধ্যাদেশের আওতায় বিধিমালা প্রণয়ন ও নতুন রেট শিডিউল প্রকাশিত না হওয়া পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে বলেও তথ্য দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে বৃহস্পতিবার এ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনাটি দেশের সব সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ ২০২৬-এর আওতায় বিধিমালা প্রণয়ন শেষ এবং নতুন রেট শিডিউল প্রকাশিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট রাষ্ট্রীয় জরুরি বিষয় ছাড়া সব কাজ, সেবা ও পণ্য সরবরাহ সংক্রান্ত দরপত্র বা ক্রয় প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।
এ নির্দেশনার ফলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর উন্নয়নকাজ, সেবা গ্রহণ ও পণ্য কেনার নতুন দরপত্র এবং ক্রয়প্রক্রিয়া স্থগিত থাকলেও ইতিমধ্যে কার্যাদেশ দেওয়া কাজ কিংবা বাস্তবায়নাধীন প্রকল্পের বিষয়ে চিঠিতে আলাদা কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
সংশোধিত অধ্যাদেশের বিধিমালা প্রণয়ন ও নতুন রেট শিডিউল প্রকাশের নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না করার ফলে স্থগিতাদেশ কত দিন কার্যকর থাকবে এবং চলমান ক্রয়প্রক্রিয়ার ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে, তা চিঠি স্পষ্ট করা হয়নি।
