নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
ঈদ উপলক্ষে রোববার মির্জাগঞ্জে রামপুর গ্রামে মায়ের সঙ্গে নানা আব্দুল কাদেরের বাড়িতে বেড়াতে গিয়েছিল দুই ভাই।
পটুয়াখালীতে নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মির্জাগঞ্জ থানার ওসি মো. আনোয়ার হোসেন।
নিহত দুই ভাইয়ের নাম মো. মেহেদি হাসান নুর (২০) ও মো. ইব্রাহীম (১০)। তারা দুমকী উপজেলার নলদোয়ানি গ্রামের মো. সোহরাব হোসেনের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, সোহরাব হোসেন খুলনায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। ঈদ উপলক্ষ্যে রোববার মির্জাগঞ্জে রামপুর গ্রামে মায়ের সঙ্গে নানা আব্দুল কাদেরের বাড়িতে বেড়াতে গিয়েছিল দুই ভাই। মঙ্গলবার দুপুর ১টার দিকে নানার বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায় তারা।
দীর্ঘসময় পরেও না ফেরায় পরিবারের লোকজন তাদের খুঁজতে শুরু করে। এক পর্যায়ে বাড়ির লোকজন পুকুর থেকে তাদের উদ্ধার করে বাকেরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, পরিবারের সদস্যরা জানিয়েছেন মেহেদী ও ইব্রাহীম কেউই সাঁতার জানত না। চিকিৎসক মৃত ঘোষণার পর তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন।
