২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধর্ষণচেষ্টা’: চলন্ত বাস থেকে লাফিয়ে পড়া সেই শ্রমিকের মৃত্যু

অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শামছুন্নাহারের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।

‘ধর্ষণচেষ্টা’: চলন্ত বাস থেকে লাফিয়ে পড়া সেই শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন  আহত পোশাক শ্রমিক শামছুন্নাহার।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2023, 04:39 PM

Updated : 18 Jun 2023, 04:39 PM

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ‘ধর্ষণ থেকে বাঁচতে’ চলন্ত বাস থেকে লাফ দেওয়া নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

রোববার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ। 

নিহত ৩৮ বছর বয়সি মোছা. শামছুন্নাহার (৩৮) দুই সন্তানের জননী। 

ওসি শাহ কামাল আকন্দ বলেন, শামছুন্নাহারে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শামছুন্নাহার ‘মাওনা রিদিশা গার্মেন্টসে’ কাজ শেষে প্রতিদিনের মত বাসে করে ভালুকায় ফিরছিলেন। সিড স্টোর এলাকায় বাসের অন্য যাত্রীরা নেমে যায়। এই সুযোগে বাসের চালক ও তার সহকারীসহ তিনজন তাকে ধর্ষণের চেষ্টা করেন। 

সম্ভ্রম বাঁচাতে তিনি চলন্ত বাস থেকে লাফ দেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি ক্লিনিকে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই শামছুন্নাহারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এরপর তার পরিবার থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। 

ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে বাসসহ চালক রাকিব হোসেন, সহকারি আরিফ হোসেন এবং আনন্দ দাশকে গ্রেপ্তার করা হয়। 

তাদের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা মামলা হলে শনিবার বিকালে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। 

রোববার রিমান্ড শুনানি হতে পারে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক কামাল হোসেন বলেন, “শামছুন্নাহার মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।” 

নিহতের ছেলে মো. সজিব বলেন, “দুই ভাইকে পড়াশোনা করানোর জন্য ৮ থেকে ১০ বছর ধরে মা গার্মেন্টসে কাজ করছিলেন। আমি আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করি।”

আরও পড়ুন

পুরনো খবর:

‘ধর্ষণ থেকে বাঁচতে’ চলন্ত বাস থেকে পোশাক শ্রমিকের লাফ