সিলেট থেকে চুরি যাওয়া শিশু হবিগঞ্জে উদ্ধার
গত শনিবার সকালে ফয়জুদ্দিনের ১৪ মাস বয়সী শিশু শাহ জাহানকে চুরি করে পালিয়ে যান জাফর।
সিলেটের গোয়াইনঘাট থেকে চুরি যাওয়া ১৪ মাস বয়সী একটি শিশুকে তিনদিন পর উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত ১২টার দিকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয় বলে মঙ্গলবার জানান সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ মো. সেলিম।
অপহরণের অভিযোগে মমতা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে শেখ মো. সেলিম জানান, অপহরণের ঘটনার প্রায় ২০ দিন আগে গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের উপর গ্রামের মো. ফয়জুদ্দিনের বাড়িতে পরিচয় গোপন করে কাজ নেন জাফর নামে এক ব্যক্তি। নিজেকে অসহায় ও অনাথ পরিচয় দিয়ে তিনি পরিবারটির সঙ্গে বাস করতে থাকেন এবং এক পর্যায়ে বিশ্বস্ততা অর্জন করেন। এরপর গত শনিবার সকালে ফয়জুদ্দিনের ১৪ মাস বয়সী শিশু শাহ জাহানকে চুরি করে পালিয়ে যান জাফর।
এরপর শিশুটিকে হবিগঞ্জের নবীগঞ্জে সর্দারপুর গ্রামের মমতা বেগমের কাছে ১৫ হাজার টাকায় বিক্রি করে জাফর পালিয়ে যায় বলেও জানান ওসি।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, শিশুটি চুরি হয়েছে বুঝতে পেরে শনিবারই ফয়জুদ্দিন গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পরে শিশু শাহ জাহানকে উদ্ধারে সাঁড়াশি অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে সোমবার রাত ১২টার দিকে নবীগঞ্জে মমতা বেগমের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।
শিশু অপহরণের অভিযোগে মমতা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
এ ছাড়া পলাতক আসামি জাফরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
