২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোকন সেরনিয়াবাতের জয় ঠেকানোর মত প্রার্থী নেই: নানক

নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে ১৪ দলের নেতাদের নিয়ে সংক্ষিপ্ত জমায়েতে একথা বলেন তিনি।

খোকন সেরনিয়াবাতের জয় ঠেকানোর মত প্রার্থী নেই: নানক

বরিশাল নগরীর বিবিরপুকুর পাড়, আশপাশের দোকানপাট ও বাসাবাড়িতে জনসংযোগ করেন আওয়ামী লীগ ও ১৪ দলের নেতারা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2023, 10:38 PM

Updated : 10 Jun 2023, 10:37 PM

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নিশ্চিত জয়ের পথে হাঁটছেন খোকন সেরনিয়াবাত এবং সেখানে নৌকা বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। 

সিটি করপোরেশন নির্বাচনের প্রচারের শেষ দিন শনিবার বিকেলে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে ১৪ দলের নেতাদের নিয়ে সংক্ষিপ্ত জমায়েতে একথা বলেন তিনি।

ঐক্যবদ্ধ আওয়ামী লীগ ও ১৪ দলের সামনে দাঁড়ানোর ক্ষমতা কারোই নেই মন্তব্য করে নানক বলেন, “খোকন সেরনিয়াবাতের জয় ঠেকাবার মত যোগ্য প্রতিদ্বন্দ্বী বরিশাল সিটিতে আর কেউ নেই।“

“শেষ দিনের এই প্রচারে এটা পরিষ্কার যে, নগরবাসীর সমর্থন এখন খোকন সেরনিয়াবাত এর প্রতি।“

সভা শেষে ১৪ দলের নেতাদের সঙ্গে নিয়ে নগরীর বিবিরপুকুর পাড়, আশপাশের দোকানপাট ও বাসাবাড়িতে জনসংযোগ করেন আওয়ামী লীগ নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, কার্যনিবার্হী সদস্য মো. আনিসুর রহমান, মো. গোলাম কবির রাব্বানী চিনু, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, জাসদের মো. মহসিন, আব্দুল হাই মাহবুব, ওয়ার্কার্স পার্টির শেখ মো. টিপু সুলতান, সাম্যবাদী দলের আব্দুর রাজ্জাক।

আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৩০টি ওয়ার্ডে মোট ভোটার দুই লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৩৭ হাজার ৪৮৯ জন এবং নারী ভোটার এক লাখ ৩৮ হাজার ৮০৯ জন। 

নির্বাচনে সাতজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ৩০টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ১১৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলরের ১০টি পদের বিপরীতে ৪২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।