উখিয়ায় মাটির দেয়াল ধসে শিশুর মৃত্যু
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘরের পাশে একটি গর্তে কয়েকটি শিশু খেলছিল।
কক্সবাজারের উখিয়া উপজেলায় পাহাড়ের উপর মাটির তৈরি বসতঘরের দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, শনিবার দুপুরে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের জুম্মাপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত আরেফা আক্তার (১০) ওই এলাকার মোহাম্মদ শাহজাহানের মেয়ে। সে স্থানীয় আব্দুর রহমান বদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়দের বরাতে শেখ মোহাম্মদ আলী বলেন, ওই এলাকার শাহজাহান পাহাড়ের উপর মাটি দিয়ে তৈরি ঘরে থাকেন। ঘরটির পাশ থেকে মাটি তোলায় সেখানে গর্ত হয়।
“ওই গর্তে আরেফা আক্তারসহ কয়েকটি শিশু খেলছিল। এসময় বৃষ্টি শুরু হলে আকস্মিক বসতঘরের মাটির দেয়াল ধসে যায়; আরেফা দেয়ালের নিচে চাপা পড়ে।”
ওসি আরও বলেন, “স্বজনরা শিশুটিকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
